লাইসেন্স থাকলেও সংকেত বোঝেন না মফিজুল
‘একটা কাগজে নাম লিখছি, আর লাইসেন্স দিয়া দিছে। কোনো ঝামেলা হয় নাই।’ অল্প কথায় এই হচ্ছে মফিজুল ইসলামের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া। এভাবে পাওয়া লাইসেন্সের বলেই রাজধানীর ব্যস্ত সড়কে বড় বাস চালান তিনি।গত শুক্রবার ধানমন্ডিতে সাংবাদিক বিভাস চন্দ্র সাহাকে চাপা দেয় মৈত্রী পরিবহনের যে বাসটি, এর চালক মফিজুল। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।গতকাল রোববার মিন্টো রোডে পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মফিজুল দুর্ঘটনার বর্ণনা দেন ও লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ার কথা জানান।সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মফিজুল বলেন, তিনি লিখতে-পড়তে পারেন না। নাম লিখতে বলা হলে কোনো রকমে লেখেন ‘মফিজল’। সাংবাদিকেরা কয়েকটি ট্রাফিক সংকেত দেখালে কোনোটিই বুঝতে পারেননি এই বাসচালক।ঘটনার বর্ণনা দিয়ে মফিজুল বলেন, ‘লোকজন চিল্লাপাল্লা করতাছিল, হুন্ডা পড়ছে, হুন্ডা পড়ছে! লোকজন গাড়ির দিকে দৌড়ায়া আইতাছিল দেইখা আমি গাড়ি থিকা নাইমা (পালিয়ে) যাই। দেহি নাই কী গাড়ির তলায় পড়ছে।’মফিজুল বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলটি পড়ে যাওয়ার পর গাড়ি থামাতে থামাতে আরোহী (বিভাস) বাসের চাকায় চাপা পড়েন।মফিজকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঘাতক ড্রাইভার সাংবাদিককে হত্যার পর প্রথমে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে পালিয়ে যান। সেখানে অবস্থান নিরাপদ মনে না করে তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে গিয়ে আত্মগোপন করেন।’ শনিবার রাতে ডিবির একটি দল মতলবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।ওসির বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে: এদিকে সাংবাদিক বিভাস সাহার মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের বিরুদ্ধে ‘অপেশাদারি আচরণের’ অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ডিএমপির জনসংযোগ ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, বিভাসের মৃত্যুর পর সাংবাদিকেরা ওসির বিরুদ্ধে যে অপেশাদারি আচরণের অভিযোগ জানিয়েছেন, তা তদন্ত করে দেখছেন ডিএমপির যুগ্ম কমিশনার শেখ মারুফ হাসান ও রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আ স ম মাহাতাবউদ্দীন। তিন দিনের মধ্যে তাঁদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।গত শনিবার অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাব তিনটি দাবিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল।