লাইসেন্স নবায়নের নামে হয়রানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন খুলনার ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান খুলনা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মো. সাইফুল ইসলাম।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি কমিয়ে সরকার পুনরায় ৩১ জানুয়ারি সংশোধিত গেজেট প্রকাশ করেছে। কিন্তু কেসিসি সংশোধিত গেজেট মোতাবেক ট্রেড লাইসেন্স নবায়ন করছে না। ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে গেজেটে উল্লিখিত টাকা ছাড়াও অতিরিক্ত ৩০০ থেকে ১০০০ টাকা দাবি করছে। এ ছাড়া বিগত বছরে গৃহীত বর্ধিত ফি সমন্বয় করছে না, টাকা জমা দেওয়ার পরও ট্রেড লাইসেন্স প্রদানে বিলম্ব করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে এসব ভোগান্তি নিরসনে মেয়রের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেখ আবেদ আলী, ওয়াহিদুজ্জামান খান, মো. আবদুল গফফার, মফিদুল ইসলাম, ফকির মো. সাইফুল ইসলাম প্রমুখ।