লাইসেন্সবিহীন এসিড বিক্রেতাকে আইনের আওতায় আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্সবিহীন এসিড বিক্রেতাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের মাধ্যমে এসিডদগ্ধদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় এসিডে ঝলসে যাওয়া মানুষগুলো অনগ্রসর থেকে যাবে। তাই করুণা নয়, সামাজিক দায়িত্ব নিয়েই তাঁদের পাশে দাঁড়াতে হবে। গতকাল রোববার সকালে কুমিল্লায় এসিডদগ্ধদের আঞ্চলিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে কুমিল্লা জেলার ১৬টি উপজেলার ৯২ জন এসিডদগ্ধ ব্যক্তির মধ্যে ৬০ জন উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, এসিড সারভাইভরস ফাউন্ডেশনের সহযোগিতায় কুমিল্লার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এইড কুমিল্লা’ ওই সমাবেশের আয়োজন করে। এতে ৩০ জন এসিডদগ্ধ নারী, শিশু ও পুরুষকে ৩০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। ‘প্রতিরোধের এখনই সময়’ এ স্লোগান নিয়ে সকাল সাড়ে নয়টায় নগরের শিল্পকলা একাডেমী থেকে শোভাযাত্রা বের হয়। ওই সময় বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। পরে টাউন হলে জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল কুমিল্লা শাখার সদস্যসচিব ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফরিদউদ্দিন আহমেদ, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, এসিড সারভাইভরস ফাউন্ডেশনের কর্মকর্তা ফজিলাতুন নেছা, এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ মো. আলমগীর খান, পেইজ কুমিল্লার নির্বাহী পরিচালক লোকমান হাকিম, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান।