লাইসেন্সের মেয়াদ নেই, জরিমানা
সাড়ে পাঁচ বছর আগে বিএসটিআইয়ের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। এরপর আর লাইসেন্স নবায়ন করেনি ‘ডেলকো ইন্টারন্যাশনাল পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে জারে পানি ভরে বিক্রি করার এই প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। প্রথম আলোকে তিনি বলেন, সর্বশেষ ২০০৭ সালে প্রতিষ্ঠানটি পানির মান পরীক্ষা করায় এবং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০১০ সালে। অভিযানে দেখা গেছে, ওয়াসার লাইন থেকে একটি পাইপ সরাসরি কারখানার ভেতরে নেওয়া হয়েছে। এ লাইন থেকে আসা পানিও জারে পূর্ণ করা হয় বলে মনে হয়েছে। বিএসটিআই থেকে লাইসেন্স নবায়ন করা হলে কারখানাটি আবারও কার্যক্রম শুরু করতে পারবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।