লাউ চাষে স্বাবলম্বী

রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী গ্রামের অধিকাংশ পরিবার সবজি হিসেবে লাউ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে। এই গ্রামের কৃষকেরা আশা করছেন, এবার এই গ্রাম থেকে তাঁরা প্রায় অর্ধকোটি টাকার লাউ বিক্রি করতে পারবেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় উপজেলার সদর ইউনিয়নের চেংমারী গ্রামে অভাব ছিল। এখন অভাব নেই। নেই কষ্ট। সেই অভাব দূর হয়েছে। সবজি চাষ করে তাঁরা আয় করছেন টাকা। প্রতিটি পরিবারে এসেছে সচ্ছলতা। সেই সঙ্গে পাল্টে গেছে পুরো গ্রামের দৃশ্যপট। চারদিকে এখন সবজির খেত। কোনো জমিও পরিত্যক্ত হিসেবে পড়ে থাকছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চেংমারী গ্রামের প্রায় দেড় শ পরিবারের মধ্যে এক শ পরিবার তাদের নিজের জমিতে লাউ চাষ করেছে। খেত পরিচর্যায় অনেক কৃষককে ব্যস্ত থাকতেও দেখা যায়। এ সময় কয়েকজন কৃষক বলেন, গ্রামের শতাধিক পরিবার প্রায় এক হাজার শতাংশ জমিতে লাউ চাষ করেছে। সর্বনিম্ন ২ শতাংশ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ জমিতে প্রতিটি পরিবার লাউ আবাদ করেছে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত—এই চার মাস খেত থেকে লাউ মিলবে। প্রতি শতাংশ জমিতে গত এক মাসে ইতিমধ্যে গড়ে ৮০টি লাউ উৎপন্ন হয়েছে। এ অবস্থায় প্রতি শতাংশ জমিতে চার মাসে খেত থেকে লাউ মিলবে তিন শতাধিক। এ হিসাবে এ বছর এই গ্রামে তিন লাখের বেশি লাউ মিলবে। প্রতিটি লাউ খেত থেকে গড়ে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে তিন লাখ লাউ থেকে প্রায় অর্ধকোটি টাকার লাউ বিক্রি হবে। এতে খরচ হবে ১৫-১৭ লাখ টাকা।
স্কুলশিক্ষক আমিনুল ইসলাম বলেন, এ বছর তিনি ১০ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন। ইতিমধ্যে এক মাসে তিনি অনেক লাউ বিক্রিও করেছেন। প্রতিটি লাউ খেত থেকে ১৫-১৮ টাকায় বিক্রি হয়েছে।
কৃষক মদন মোহন প্রায় ১৫ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন। তিনি বলেন, এক মাস ধরে লাউ বিক্রি করছেন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লাউ বিক্রি হবে। অন্যান্য বছরের চেয়ে এবার ফলন বেশ ভালো। লাউ চাষ লাভবান হওয়ায় এ গ্রামের অনেকের অভাব দূর হচ্ছে।
কারমাইকেল কলেজে ব্যবস্থাপনায় (সম্মান) পড়ছেন শিক্ষার্থী পরিমল চন্দ্র রায়। তিনি নিজে দুই শতাংশ জমিতে লাউয়ের আবাদ করেছেন। তিনি বলেন, এবার লাউ আবাদে খেতে কোনো পোকা দেখা দেয়নি। প্রকৃতিও বেশ অনুকূলে ছিল।
উপজেলার নবদিদাস গ্রামের পাইকারি ব্যবসায়ী আতাবর রহমান জমি থেকে লাউ কিনে ভ্যানে করে শহরে নিয়ে যাওয়ার সময় বলেন, ‘প্রতিদিনই লাউ কিনি। প্রতিটি লাউ থেকে অন্তত পাঁচ টাকা লাভ হয়।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপপরিচালক শ ম আশরাফ আলী বলেন, আবহাওয়া অনুকূলে ছিল। শীতকালীন সবজি হিসেবে লাউ চার মাস পাওয়া যাবে। চেংমারী গ্রামের লাউ প্রতিবছরই রংপুরের চাহিদা মিটিয়ে আসছে।