লাউগাছ কেটে প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কৃষ্ণনগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে দুই গোষ্ঠীর দ্বন্দ্বে লোকসান গুনতে হচ্ছে হানিফ মিয়া নামের এক কৃষককে। দাঙ্গা-হাঙ্গামার সঙ্গে জড়িত না হলেও দুর্বৃত্তরা তাঁর ২৬ শতক জমিতে থাকা ৩২টি লাউগাছের গোড়া কেটে নিয়েছে। এতে ওই কৃষকের দেড় লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

জানা গেছে, কৃষক হানিফ মিয়ার বাড়ি উপজেলার আশ্রাফপুর গ্রামের সাববাড়ি-সংলগ্ন এলাকায়। কয়েক মাস ধরে সাববাড়ি (সাহেব) গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের মেম্বারবাড়ি গোষ্ঠীর লোকদের দাঙ্গা-হাঙ্গামা, পাল্টাপাল্টি মামলা নিয়ে বিরোধ চলে আসছে। চলমান গোষ্ঠীগত বিদ্বেষের শিকার ফসলি জমির ক্ষতির কারণে পথে বসার উপক্রম হয়েছে কৃষক হানিফ মিয়ার।

হানিফ মিয়া জানান, জমি চাষের আয় দিয়েই ছয় মেয়ের মধ্যে চার মেয়ের বিয়ে দিয়েছেন। গত বছর এক মেয়েকে বিয়ে দিয়ে তিন লাখ টাকা ঋণগ্রস্ত হয়েছেন। এবার লাউ বিক্রি করে ধারদেনা মেটাবেন—এমন স্বপ্ন দেখেছিলেন হানিফ। কিন্তু দুর্বৃত্তদের হামলায় শেষরক্ষা হয়নি হানিফের। কৃষক হানিফ মিয়ার অভিযোগের সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার তিন দিনেও পুলিশ কাউকে আইনের আওতায় আনতে পারেনি।

হানিফ মিয়ার অভিযোগ, সাববাড়ি তার গোষ্ঠীর সঙ্গে মেম্বারবাড়ি গোষ্ঠীর লোকদের তুমুল বিরোধ চলছে। এই বিরোধের জেরে মেম্বার বাড়ির আমজাদ মোল্লার লোকজন তাঁর লাউগাছ কেটে দিয়েছে।

এ বিষয়ে কথা বলতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমজাদ মোল্লা ও তাঁর বাড়ির হেলিম মিয়ার সঙ্গে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

আশ্রাফপুর গ্রামে স্থাপন করা অস্থায়ী পুলিশ ক্যাম্পের এসআই আবদুল মজিদ বলেন, ক্ষতিগ্রস্ত কৃষককে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।