লাউগাছের সঙ্গে শত্রুতা!
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে গত মঙ্গলবার এক কৃষকের ৫০০ লাউগাছ প্রতিপক্ষ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াহিয়া মিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন কৃষকেরা।
ইয়াহিয়া জানান, তিনি এ বছর তাঁর মালিকানাধীন এক বিঘা জমিতে লাউ চাষ করেন। ইতিমধ্যে ওই গাছে লাউ ধরেছে। পূর্বশত্রুতার জের ধরে এবং জমির মালিকানা দাবি করে একই গ্রামের আবুল কালাম ও জামাল মিয়ার নেতৃত্বে তাঁদের সহযোগীরা মঙ্গলবার রাতে জমির ৫০০ লাউগাছ কেটে ফেলেন। এ ঘটনা অনেকে দেখলেও প্রাণের ভয়ে কেউ এগিয়ে আসেননি। এতে তাঁর প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইয়াহিয়ার ওই লাউগাছ কেটে ফেলার প্রতিবাদে স্থানীয় কৃষকেরা গতকাল দুপুরে দৌলরদী গ্রামে মিছিল ও প্রতিবাদ সভা করেন। এ সময় কৃষকেরা এ ঘটনার সঙ্গে জড়িত আবুল কালাম ও জামালের শাস্তির দাবি জানান।
কালাম ও জামালের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা অভিযোগ অস্বীকার করেন।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান খান জানান, লাউগাছ কেটে ফেলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।