লাউয়াছড়া উদ্যানের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন
সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, লাউয়াছড়া উদ্যানের ২৫ হাজার গাছ কাটা হলে পরিবেশের সর্বনাশ হবে। অর্থনৈতিক বিপর্যয় ঘটবে। এ ছাড়া সেখানে বসবাসকারী আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘিত হবে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ঐক্য ন্যাপ এ মানববন্ধনের আয়োজন করে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনের দুই পাশে ২৫ হাজার গাছ কেটে ফেলতে রেল কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য বলেন, ‘বন বিভাগ আর রক্ষক নাই, ভক্ষক হয়ে গেছে। সরকারি লাইসেন্স নিয়ে তারা অপকর্ম করে যাচ্ছে।’
অনুষ্ঠানে ঐক্য ন্যাপের পক্ষ থেকে লিখিত বিবৃতি পড়ে শোনান দলের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক। বিবৃতিতে দুর্ঘটনা এড়াতে লাউয়াছড়ায় রেল কর্তৃপক্ষের ২৫ হাজার গাছ কেটে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে টাঙ্গাইলের মধুপুর ও মৌলভীবাজারের নাহারপুঞ্জিতে আদিবাসীদের নিজ ভূমি থেকে উচ্ছেদ বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।