বন্যপ্রাণী রক্ষা করতে হলে বনাঞ্চল রক্ষা করতে হবে। এ জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষায় প্রয়োজনে বনদস্যুদের তালিকা করে ব্যবস্থা নিতে হবে। গত বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে এসে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দীন আহমদ এ কথা বলেন।
বন বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে যান পরিবেশ ও বনসচিব কামাল উদ্দীন আহমদ। এ সময় একটি মেছোবাঘ অবমুক্ত করে সচিব বন কর্মকর্তাদের নিয়ে লাউয়াছড়া গবেষণা কেন্দ্র ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বনসচিব বলেন, এই সমৃদ্ধ বনটি রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় বনাঞ্চল গুরুত্ব বহন করে চলছে। বর্তমান সরকার এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে সারা দেশে অনেক বন সৃজন করছে।