লাউয়াছড়া উদ্যানে সন্ত্রাসীর হাতে তিন সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল বৃহস্পতিবার সকালে গাইড নামধারী সন্ত্রাসী ইব্রাহীম আলীর হাতে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বনবিট কর্মকর্তার হস্তক্ষেপে সাংবাদিকেরা রক্ষা পান।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সূত্র ও স্থানীয় কয়েকজন জানান, কমলগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী হলেও শুধু রাজনৈতিক পরিচয়ে ২০১৩ সালে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি ইব্রাহীমকে ইকো-টুরিস্ট গাইড হিসেবে নিয়োগ দেয়। ইব্রাহীম জাতীয় উদ্যানের গাইড হলেও তাঁর কোনো প্রশিক্ষণ নেই।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের বিবরণ অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালন করতে গতকাল দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে যান বাংলা নিউজ২৪ ডটকমের বার্তাকক্ষ সম্পাদক আসিফ আজিজ, নিজস্ব আলোকচিত্রী নূর-এ আলম ও কালের কণ্ঠ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য্য। প্রয়োজনীয় ছবি তোলা ও তথ্য সংগ্রহের সময় ইব্রাহীমের সঙ্গে তাঁরা কথা বলেন। বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ওই সাংবাদিকদের গালাগাল করেন। একপর্যায়ে ইব্রাহীম সাংবাদিকদের মারধর করতে উদ্যত হলে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলাম তাঁদের রক্ষা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইব্রাহীম আলী কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের একজন কর্মী। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আহমদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা, লুটপাট ও মারধরের কয়েকটি মামলা রয়েছে।
এ ব্যাপারে জানতে ইব্রাহীমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি।