লাউয়াছড়া উদ্যানের কাঠ পাচারকালে চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে কাঠ পাচারকালে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বন বিভাগের লোকজন ১৫ ঘনফুট সেগুন কাঠসহ তাঁদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আজাদ মিয়া, মফিজ মিয়া, কাসিম মিয়া ও আজিজুল হক। তাঁদের সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টার দিকে একদল বনদস্যু ওই উদ্যান থেকে একটি সেগুনগাছ কেটে পাচারের উদ্দেশ্যে সেটি টুকরো টুকরো করছিল। এ সময় বন বিভাগের লোকজন অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করেন। এ সময় ১৫ ঘনফুট পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা (বন্য প্রাণী) এ কে এম আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় আদালতে বন আইনে মামলা করা হয়েছে।