লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুটি সাপ অবমুক্ত
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেগুনবাগানে একটি গোখরা ও একটি ডারাশ সাপ অবমুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার বিকেল দুইটার দিকে সাপ দুটিকে অবমুক্ত করা হয়।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরীর উপস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সাপ দুটিকে উদ্যানে ছেড়ে দেওয়া হয়। এ সময় লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম (বন্য প্রাণী) ও বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।আজহারুল ইসলাম জানান, সাপ দুটির মালিক ছিলেন সাপুড়ে শাহিনুর রানা ও মিনারা বেগম। গত ২৭ মে ব্রাহ্মণবাড়িয়ার পৈতলা এলাকায় খেলা দেখানোর সময় গোখরার ছোবলে রুবেল মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা হলে দুই সাপুড়েকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং সাপ দুটোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার আদেশ দেন আদালত।বিষধর সাপ অবমুক্ত করায় পর্যটকদের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে এ কে এম আজহারুল ইসলাম জানান, গাইডের সহযোগিতা নিলে এ ধরনের কোনো বিপদের আশঙ্কা নেই। বরং সেগুন কাঠ চুরি করতে এসে এখন থেকে বনদস্যুরা আতঙ্ক বোধ করবে।