লাউয়াছড়া জাতীয় উদ্যানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উদ্যান এলাকা থেকে এক বছরে চারটি লাশ উদ্ধার হওয়ায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে পর্যটক-সহায়ক পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন তুলেছেন উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্যরা।ইউএসএআইডির অর্থায়নে আইপ্যাক (সমন্বিত সংরক্ষিত বন সহব্যবস্থাপনা) প্রকল্পের অধীনে পরিচালিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেড় বছর আগে ছিনতাইয়ের শিকার হয় বেশ কিছু দেশি-বিদেশি পর্যটক। এরপর থানা পুলিশকে সহায়তার জন্য উদ্যানে পর্যটক-সহায়ক পুলিশের একটি নিয়মিত টহল দল নিয়োগ দেওয়া হয়। এক বছরের খতিয়ান থেকে জানা যায়, এই সময়ে একজন সিএনজি অটোরিকশার চালক, একজন ছাত্র, একজন মিশুক চালক এবং সর্বশেষ গত ২৪ জুলাই উদ্যানের ভেতরে রেলপথের ধার থেকে গলা কাটা অবস্থায় পুলিশের বিশেষ শাখার মক সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনায় উদ্যানে আসা পর্যটকদের আতঙ্কিত করে তুলছে। কমলগঞ্জের লেখক, গবেষক ও সমাজসেবক আহমদ সিরাজ বলেন, দিনের বেলা লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটক-সহায়ক পুলিশ দায়িত্ব পালন করছে। রাতে বনকর্মী ও জাতীয় উদ্যান টহল দলের সদস্যরা পাহারার দায়িত্ব পালন করে। এর পরও কীভাবে উদ্যান এলাকায় হত্যকাণ্ড ঘটে বা মৃতদেহ ফেলে যায়। এভাবে চলতে থাকলে উদ্যান এলাকা একসময় হত্যাকাণ্ডের অন্যতম কেন্দ্রে পরিণত হবে। উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি নেছার আহমেদ গত এক বছরে জাতীয় উদ্যান এলাকা থেকে চারটি মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এতে সরাসরি পর্যটকদের ওপর প্রভাব ফেলবে না। তবে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি করবে। ২৫ জুলাই সহব্যবস্থাপনা কমিটির সভায় কমিটির সদস্যরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শেষে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়।আইপ্যাক কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, উদ্যান এলাকায় মৃতদেহ উদ্ধার একটি বিচ্ছিন্ন ঘটনা। তার পরও বিষয়টি এখন সবাইকে ভাবিয়ে তুলেছে। লাউয়াছড়া বন রেঞ্জ (বন্য প্রাণী) কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম বলেন, পর্যটক-সহায়ক পুলিশ আগের মতো জাতীয় উদ্যান এলাকা ঘুরে দায়িত্ব পালন করছে না। মৌলভীবাজারের এএসপি (সার্কেল) মো. আহাদ আলী বলেন, এ পর্যন্ত যতগুলো মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশাল আয়তনের এই উদ্যান এলাকায় স্বল্পসংখ্যক পর্যটক-সহায়ক পুলিশ দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন সম্ভব নয়। তা ছাড়া তারা সর্বত্র ঘুরে দায়িত্ব পালন করতে পারে না। তবে পর্যটকদের নিরাপত্তা বিধানে আরও দৃঢ়ভাবে দায়িত্ব পালন নিয়ে পুলিশ চিন্তাভাবনা করছে।