লাউয়াছড়া থেকে অবৈধ লেবু বাগান উচ্ছেদ
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে অবৈধ লেবু বাগান উচ্ছেদ অভিযান চলছে। এ পর্যন্ত দুই দফায় উদ্যানের ৩২ একর জমি উদ্ধার করা হয়েছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২০ একর জায়গা থেকে অবৈধ লেবু বাগান ও অন্যান্য গাছ কেটে ফেলা হয়। পরে সেখানে আমলকী, বহেড়া, কুল, বট, ডুমুরসহ বিভিন্ন ফলের গাছ রোপণ করা হয়। এর আগে গত বছরের জুনে উদ্যানের জানকিছড়া এলাকায় অবৈধ লেবু বাগান উচ্ছেদ করে সাড়ে ১২ একর জমি উদ্ধার করা হয়। সেখানে বন্য প্রাণীর খাদ্য হিসেবে পরিচিত বিভিন্ন জাতের ফল ও ঔষধি গাছ লাগানো হয়েছে।
গতকাল শনিবার জানতে চাইলে শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরেই উদ্যানের আশপাশে গ্রামের দিকে লেবুসহ বিভিন্ন জাতের গাছ লাগিয়ে উদ্যানের পরিবেশ নষ্ট করছেন অনেকে। এখন আর জাতীয় উদ্যানের ভেতরে কাউকে রাখব না। সেখানে কোনো লেবু বাগান থাকবে না। উদ্যানের পরিবেশ রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনকে জানিয়েই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।’