লাউয়াছড়া থেকে রেললাইন সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ হাজার গাছ কাটার চিঠির জবাবে রেলওয়ে কর্তৃপক্ষকে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে রেললাইন সরানোর চিঠি দিতে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে সিলেটের তিনটি পরিবেশবাদী ও প্রাণী অধিকার সংগঠন।
গতকাল রোববার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ভূমিসন্তান বাংলাদেশ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার-বিষয়ক সংগঠন প্রাধিকার-এর যৌথ উদ্যোগে নাগরিকবন্ধন কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।
বিকেল চারটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী চলা নাগরিকবন্ধনে পরিবেশবাদী সংগঠনের সদস্য ছাড়াও পরিবেশ ও প্রকৃতি সচেতন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীরের সভাপতিত্বে ও প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরীর সঞ্চালনায় নাগরিকবন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম কিম মূল বক্তব্য দেন। সংহতি জানিয়ে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, নারীমুক্তি সংসদের সভাপতি ইন্দ্রানী সেন, সারী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুল হাই আল-হাদী, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক, ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন বক্তব্য দেন।
গত ৯ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ মো. আরমান হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে ২৫ হাজার গাছ কাটতে বন বিভাগকে চিঠি দেওয়া হয়। গাছ না কাটলে পরবর্তী সময়ে কোনো দুর্ঘটনা ঘটলে ‘দ্য রেলওয়েজ অ্যাক্ট, ১৮৯০’-এর ১২৮ ধারা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে চিঠিতে বলা হয়। রেলওয়ের চিঠির জবাবে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো গত ১২ মে এক চিঠিতে রেল কর্তৃপক্ষকে গাছ কাটা হলে বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে জানানো হয়।
এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত ‘লাউয়াছড়ায় ২৫ হাজার গাছ কাটতে রেলওয়ের চিঠি!’ শিরোনামের প্রতিবেদন নাগরিকবন্ধনে উদ্ধৃত করে বলা হয়, লাউয়াছড়া প্রাণবৈচিত্র্যে পরিপূর্ণ একটি বন। যেখানে বন রক্ষায় সরকারের পক্ষ থেকে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা জরুরি ছিল। এ অবস্থায় বাংলাদেশ রেলওয়ে গাছ কাটতে নজিরবিহীন আবেদন জমা দিয়েছে, যা এই বনকে সম্পূর্ণরূপে বিরান করে দেবে।
বনকে বন্য প্রাণীর বসবাস উপযোগী রাখতে হলে বনের ভেতর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করতে হবে। নাগরিকবন্ধন থেকে আরও বলা হয়, ২৫ হাজার গাছ কাটতে যখন রেলওয়ে চিঠি দিয়েছে, তাই বন বিভাগের উচিত এখন ওই চিঠির জবাবে সংরক্ষিত বন এলাকা থেকে রেললাইন সরাতে চিঠি দেওয়া। নাগরিকবন্ধনে মূল বক্তব্যে আবদুল করিম কিম বলেন, প্রতিবছর অসংখ্য বন্য প্রাণী ট্রেন ও গাড়িচাপায় মারা যায়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ অবস্থায় বাংলাদেশ রেলওয়ে নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য ও দুর্ঘটনা এড়ানোর অজুহাতে বন ধ্বংসের চক্রান্ত শুরু করেছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় প্রাকৃতিক স্বার্থে বন রক্ষায় রেললাইন সরানোর আন্দোলন শুরু করতে হবে।