লাউয়াছড়া থেকে সড়ক ও রেলপথ স্থানান্তরের দাবি
মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের সড়ক ও রেলপথ স্থানান্তরের দাবি জানানো হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পক্ষ থেকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ দাবি করা হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানটি অসংখ্য বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। এই উদ্যানে এমন কিছু বন্য প্রাণী আছে, যেগুলো পৃথিবীর অনেক দেশে নেই। উদ্যানের ভেতর দিয়ে গেছে ঢাকা-সিলেট রেললাইন এবং শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক। রেললাইন ও সড়কের দুই পাশে এই উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল। বনের এপারে-ওপারে আসা-যাওয়ার সময় প্রায়ই সাপ, বানর, হরিণসহ বিভিন্ন ধরনের বন্য প্রাণী গাড়িচাপায় মারা যাচ্ছে। একইভাবে ট্রেনে কাটা পড়ে মারা পড়ছে প্রাণী। এ কারণে লাউয়াছড়ার বন্য প্রাণী সংরক্ষণ করতে হলে ঢাকা-সিলেট রেললাইন এবং শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক সরিয়ে নেওয়া এখন সময়ের দাবি।