লাউয়াছড়া দেখভালের কমিটি নেই ১৫ মাস
এক বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও আইপ্যাক নিয়ন্ত্রিত (সমন্বিত সংরক্ষিত বন সহ-ব্যবস্থাপনা) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে নতুন সহ-ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়নি। বিতর্কিতদের নিয়ে গঠিত সহ-ব্যবস্থাপনা কমিটি এখনো বহাল থাকায় বেহাল হয়ে পড়েছে জাতীয় উদ্যানটি।ইউএসএআইডির অর্থায়নে আইপ্যাক সহায়তা প্রকল্পের অধীন অন্যান্য জাতীয় উদ্যানের মতো লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিচালিত হয় দুই বছর মেয়াদি একটি সহ-ব্যবস্থাপনা কমিটি দ্বারা। এই কমিটি জাতীয় উদ্যানের পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা, জাতীয় উদ্যানের উন্নয়ন, উদ্যানের ভেতরে বসবাসরত বনবাসীদের উন্নয়ন ও আগত পর্যটকদের সার্বিক দেখাশোনার দায়িত্ব পালন করে। আবার সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করে দেয় একটি কাউন্সিল কমিটি। জাতীয় উদ্যান কাউন্সিল কমিটির সদস্যসংখ্যা ৫৫। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে ৫৫ সদস্যবিশিষ্ট কাউন্সিল কমিটি গঠন করা হয়। এই কাউন্সিল কমিটির উপদেষ্টা থাকেন স্থানীয় সাংসদ। তা ছাড়া বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী), বনরেঞ্জ কর্মকর্তা, বনবাসী প্রতিনিধি, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি নিয়ে মোট ৫৫ সদস্য নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে দেখা যায়, উদ্যানটি বেহাল অবস্থায় পড়ে আছে। উদ্যানে ঘুরতে আসা পর্যটকদের নিয়ন্ত্রিতভাবে ঘোরাফেরার কথা থাকলেও এ দিকটি দেখভালের দায়িত্বে নিয়োজিত কাউকে পাওয়া যায়নি। তবে উদ্যানের প্রবেশপথে আগত পর্যটকদের প্রবেশ ফি ও তাঁদের ব্যবহূত গাড়ি পার্কিং ফি কীভাবে আদায় করা যায়, সে দিকে ঠিকই নজর আছে সংশ্লিষ্ট লোকজনের।অভিযোগ রয়েছে, সহ-ব্যবস্থাপনা কমিটির প্রভাবশালী কিছু সদস্যের আত্মীয়স্বজন ও পাহারাদারেরা গাছ চুরির সঙ্গে যুক্ত। তাই সহ-ব্যবস্থাপনা কমিটি জাতীয় উদ্যানের সম্পদ রক্ষায় কোনো ভূমিকা পালন করতে পারছে না।এক বছর তিন মাসেও নতুন কমিটি গঠিত না হওয়ার কথা স্বীকার করে লাউয়াছড়া জাতীয় উদ্যান কাউন্সিল কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মাহবুবুর রহমান বলেন, উদ্যান কাউন্সিল কমিটি ৫৫ সদস্য থেকে বাড়িয়ে ৬৫ সদস্য করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটিকে ১১ সদস্য থেকে ২৯ সদস্যে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই কাউন্সিল কমিটিই নতুন সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করবে।লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটিতে কিছু অসাধু সদস্য থাকার কথা স্বীকার করে কমলগঞ্জের ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বিষয়টি মাথায় রেখেই আগে নতুন একটি ভালো কাউন্সিল কমিটি গঠন করা হবে। তারপর সহ-ব্যবস্থাপনা কমিটি গঠিত হবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ কাউন্সিল কমিটির উপদেষ্টা। তাই তাঁর একটি মতামত নিয়ে অচিরেই কাউন্সিল কমিটি ও সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে।