লাউয়াছড়ার গবেষক প্রহরীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাউয়াছড়া বনে প্রকৃতিপ্রেমী রেজা খান। ছবি: প্রথম আলো
লাউয়াছড়া বনে প্রকৃতিপ্রেমী রেজা খান। ছবি: প্রথম আলো

সেই ১৯৬৭ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিজেন শর্মা স্যারের সঙ্গে শ্রীমঙ্গলের লাউয়াছড়ায় যাই। এরপর বহুবার সেখানে গিয়েছি। আর প্রতিবারই মনে হয়েছে, জায়গাটা আমার অদেখা। শেষবার যাই আগস্টে, রমজান মাসে। সূর্য তখন কেবল দিগন্তরেখার সামান্য ওপরে উঠেছে; সকালের মিঠা কিরণের ছটা তখন বনের ছাতার মতো বড় বড় গাছের চাঁদোয়ায় সবে আঘাত হেনেছে। সফরসঙ্গীরা ঘুমিয়ে আছে মনে করে সন্তর্পণে দরজা খুলে বারান্দায় বেরোতেই দেখলাম সামনের গাছের কতবেলের সাইজের নরম ও গাবের মতো দেখতে ফল পড়ে আছে উঠোনে। গাছের মগডালে পাখিদের আনাগোনা যেন বাড়ছে। বাধ্য হলাম ক্যামেরা নিয়ে উঠোনে হাঁটতে। লেন্সের ভেতর দিয়ে দেখলাম বেশ কটি ধনেশ, কাঠঠোকরা, অন্য কিছু পাখি ও কাঠবিড়ালি এগাছ-ওগাছ করছে।

এখানে বলা ভালো যে আমরা সেহিরর কাজ সেরেছিলাম রাস্তার ধারের এক রেস্তোরাঁয় অসহনীয় ঝাল গরুর মাংস ও ভাত খেয়ে। সেখানে না ছিল চা, না কোনো মিষ্টান্ন। অতএব লাউয়াছড়া বন বিশ্রামাগারে আলো-আঁধারির মধ্যে মালসামান ঢেলে ক্যামেরাগুলো হাতিয়ে নিতে বেগ পেতে হলো না।

একটি খুব উঁচু তিতি জামগাছের ছোট ছোট পাকা জাম খেতে এবং হল্লা-চিল্লা করতে ব্যস্ত একঝাঁক পুটিয়াল ধনেশ। তাদের সঙ্গ দেওয়ার জন্য আশপাশে গাছগাছালিতে আরও ভিড় করেছিল বাহারি পাখি এবং তাদের সঙ্গে দুই প্রজাতির কাঠবিড়ালি ও বানর।

একে তো ভরা বর্ষা, তার ওপর রোজা। এরপর জোঁকের কামড়ে কখন যে দেহের কোথা থেকে রক্তক্ষরণ হবে, তার হদিস নেই। এ সময় মাঠে মাঠে ঘুরে পশুপাখি দেখা কাজের উপযুক্ত নয়। কিন্তু এসব সত্ত্বেও তানিয়া, রফিক, মুনির, মনিরুল, সায়াম, সিজার, দীপুর মতো অনেক জানা-অজানা প্রকৃতিপ্রেমিকেরা ভরা বর্ষায়ও ছোটে দেশের বনবাদাড়ে। এবার আমারও মনে হলো, ওদের কারও সঙ্গে একবার কোনো বনভূমি থেকে ঘুরে আসি।

তিন দশক ধরে বিদেশে-বিভুঁইয়ে থাকার ফলে এবং স্ত্রী স্কুলশিক্ষিকা হওয়ার দরুন বছরের বড় ছুটি মেলে জুলাই-আগস্টে। ফলে এ সময় দেশে যাওয়ার সুযোগ হয়। এবারও তার ব্যতিক্রম হলো না।

বন বিভাগের অনুমতি পেলাম জুলাইয়ের শেষ সপ্তাহে দুই রাত, তিন দিন লাউয়াছড়ার বনে কাটানোর জন্য। ওখানে তানিয়া-রফিক-মুনির ছাড়াও বাড়তি আকর্ষণ ছিল, পিঠে ট্রান্সমিটার বয়ে বনে ঘুরে বেড়ানো বাংলাদেশের প্রথম অজগর সাপ। আর ওদের অনুসরণ করে রাত-দিন মাঠে মাঠে ঘুরে বেড়ানো গবেষক, যার মাঠ নেতৃত্বে রয়েছে সিজার। তাদের মাঠের কাজ দেখতে পাব, এটাও কম কী। আমাদের যৌবনে ও চাকরিজীবনের প্রথমার্ধে রেডিওটিলিমেট্রি বা রেডিওকলার পরানো হবে আমাদের দেশের কোনো প্রাণীতে, সেটা কল্পনা ছিল, কখনো বাস্তবতায় রূপ নিতে দেখিনি। নবীনদের সে কাজ করতে দেখাটাই যেন আমার কাছে অনেক বড়।

ভোরে ঢাকা থেকে ওঠা নৈশকোচ শ্রীমঙ্গল শহরে নামিয়ে দিল। আমার সঙ্গে ছিল আমাদের পুরোনো ছাত্রী এবং বন বিভাগের বন্য প্রাণী গবেষক ইসরাত জাহান। ওখানে আগেই মৌলভীবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এসে আমাদের জন্য অপেক্ষমাণ ছিল তানিয়া ও তার পোয়া যুগের সফরসঙ্গী রফিক (১৩ বছর)। ছেলেটির মা তানিয়াদের বাসায় খণ্ডকালীন কাজ করে। বাবা কিছু করে না বলাই ভালো। আর সে লেখাপড়া ছেড়ে যখন অনেকটা পথশিশুর জীবন যাপন করছিল, ঠিক তখন সে হঠাৎ করেই তানিয়াদের ‘খপ্পরে’ পড়ে যায়। গত তিন বছরে ওদের সঙ্গে মাঠে ঘোরাঘুরির ফলে এখন সে একজন খুদে ‘মাঠ বিজ্ঞানী’। ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রজাপতি থেকে চামচিকা বনের গাছগাছালির কোনো ফাঁকফোকরে লুকিয়ে থাকলেও সে কেবল তার দিকে অঙ্গুলি নির্দেশ করতে পারে না, অনেক প্রজাতির ইংরেজি-বাংলা নামও তার মুখস্থ। সে এখন একজন নির্ভীক এবং নির্ভয় মাঠের কাজের এক দারুণ সঙ্গী।

বিশ্রামাগারের টিলা ঘুরে আসতে দেখলাম মাঠে নামার জন্য তানিয়া-রফিক তৈরি। অভাব ছিল কেবল একটি লাঠির, যা আমি যে বনে যাই, সেখান থেকেই জোগাড় করে ব্যবহার করি এবং তা আবার বনেই রেখে আসি, যাতে অন্যরা সেটা আবার ব্যবহার করতে পারে। সকালে যে একপশলা বৃষ্টি হয়ে গেছে, তার রেশ তখনো গাছে ছিল। অনেক উঁচুতে থাকা ডালের ডগার পাতা থেকে জমে থাকা পানি বড় বড় ফোঁটায় রূপ নিয়ে আছড়ে পড়ছিল আমাদের ওপর। ছাতা ছিল না, কিন্তু ক্যামেরা বাঁচানোর জন্য বড় পলিব্যাগ ছিল, যা সব সময় মাঠ-থলিতেই থাকে।

পথ চলতে চলতে রফিকই লাঠি জোগাড় করল। একটা আমার এবং আরেকটা ওর জন্য। বুড়ো আঙুলের মতো মোটা কঞ্চি বা বন থেকে কেটে নেওয়া কোনো গাছের একহারা লম্বাটে ডাল খুব কাজে দেয়। প্রথম হলো, সাপের সঙ্গে দেখা হলে তাকে সরানো, কাবু করা ও ধরতে সাহায্য করে এ লাঠি। সবচেয়ে উপকার হয় কাদাময় পথ চলতে বা পাহাড় বাইবার সময় দেহের ভারসাম্য রক্ষার কাজে। ওটা দিয়ে হঠাৎ অর্বাচীন মানুষ ও কুকুরকেও ভয় দেখানো যায়।

বনটা প্রায় অন্ধকার। বৃষ্টি থামাতে মাটির নিচে না থাকতে পেরে তুরকুলা, উড়চুঙ্গা, ফলং ও আরও বিশেষ ধরনের মেঠো ফড়িংয়ের দল এদিক-সেদিক ঘুরঘুর করছিল খাবার, সঙ্গীর সঙ্গে মেলা এবং অজান্তে অন্যদের খাবার তালিকায় যোগ হওয়ার জন্য।

আমরা প্রায় হন্যে হয়ে খুঁজছিলাম ব্যাঙ, সাপ ও আলো-আঁধারি পছন্দ করা প্রাণী। সামনে যা পড়ল, তার সবই আগে দেখিনি এমন নয়। তবে মজার ছিল একটি রাঘা টাকি মাছ এবং বেশ কিছু চিংড়ি, যা ছড়ার একটি বাঁকে ১০-১৫ সেন্টিমিটার পানির মধ্যে যেন কানামাছি খেলছিল।

বিশ্রামাগারে ইফতারের ব্যবস্থা ছিল। ইফতারের একটু পরই হঠাৎ সেখানে হাজির হলো সিজারের নেতৃত্বে আমেরিকা ও কলকাতার দুজন বিজ্ঞানীসহ ছয়জনের একটি দল। তারা সবাই অজগর গবেষণার সঙ্গে জড়িত। কথা হলো, পরদিন আমি ওদের কাছে আগে থেকে ধরে রাখা একটি অজগরকে মুক্ত করব।

ওরা চলে গেলে আমরা ছুটলাম একটি ছড়ার উদ্দেশে। বন অফিসের পাশের মসজিদের সামনে দিয়ে সোজা নিচে চলে গেছে একটি পঙ্কিল মেঠোপথ। টর্চ ও কপালবাতি মানে হেডল্যাম্পের সাহায্যে যেমন পল্লবে, তেমনি বনের মেঝেতে চোখ রেখে রেখে চলছিলাম। এ সময় বন-ফাটানো চিৎকার করে হাঁকডাক করছিল এক প্রজাতির ব্যাঙ। মাটি থেকে দু-চার মিটার উচ্চতার গাছগাছালির ভেতর থেকে ডাকটি ভেসে আসছিল। বলতে গেলে প্রায় সব দিকেই সে ডাকছিল। কিন্তু একটিও আমাদের চার জোড়া চোখ বা চারটি কপালবাতির আলোয় দেখতে পাচ্ছিলাম না। তানিয়া নিশ্চিত করল, ওটা এর আগের যাত্রায় দেখা এক চিমটি লালচোখ বা আবর্জনা ব্যাঙ। এর দৈর্ঘ্য সর্্বোচ্চ ৭ দশমিক ৮ সেন্টিমিটার হলেও সচরাচর দেখা নমুনা মোটে ৫ সেন্টিমিটার। বনের মেঝেতে দেখা নমুনার চোখের মণির ওপরের দিক লালচে বা হলুদাভ। এত ছোট ব্যাঙ অমন গগনবিদারি ডাক ছাড়তে পারে এটা নিজের চোখে না দেখলে বা শুনলে বিশ্বাস করা প্রায় অসম্ভব। এরপর যখন ছড়ায় হাঁটতে শুরু করলাম, তখন পরিচিত যত গেছো ব্যাঙ আছে, তার প্রায় সবার সঙ্গেই দেখা হলো। মায় কুনো ব্যাঙও দর্শন দিল। কারণ অনুমেয়। সবাই প্রজননের তাগিদে পানিতে মিলিত হবে। আর সেটা হবে কেবল এ বৃষ্টির মৌসুমেই।

এঁকেবেঁকে ও নিচের দিকে চলা ছড়া ধরে চলতে চলতে সামনে একটি কালভার্ট এল। আমি খুব তাক করে আমার সবচেয়ে শক্তিধর টর্চটি ফেললাম কালভার্টের গার্ডারের নিচে। আশা ছিল, ওখানে কোনো বাদুড়-চামচিকা থাকতে পারে। আমি এর আগে দেশের, ভারতের এবং আরব আমিরাতের পুল-কালভার্টের নিচে এ দলের প্রাণীর সঙ্গে টিকটিকি ও আবাবিলজাতীয় পাখির আস্তানা বা বাসা দেখেছি।

কালভার্টের ওপর পড়া প্রথম আলোকচ্ছটায় দেখলাম, একটি অজানা চামচিকার প্রজাতি, যা পরে ড. মনিরুল খান মাঝারি পাতানাক চামচিকা হিসেবে চিহ্নিত করেন। এটি গার্ডারে উল্টো ঝুলে বিশ্রামার্থে স্বপরিচর্যায় ব্যস্ত ছিল কয়েক মুহূর্তের জন্য।

রাতের জন্য কাজ শেষ করে বিশ্রামাগারে কয়েক ঘণ্টা কাটানোর পর ভোরে বেরিয়ে পড়লাম বনের অন্য প্রান্তের উদ্দেশ্যে, যেখানে আগের দিন যাওয়া সম্ভব হয়নি। আর আটটার মধ্যে হাজির হলাম সিজারের দল যেখানে অজগর মুক্ত করবে, সেখানে। এর আগে বনের পাশের এক গ্রামে গিয়ে অজগরটি উদয় হলে গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে সিজার ও তার সঙ্গীরা ওটাকে উদ্ধার করে। তাদের সেবা ও ভালো খাবার পরিবেশনার ফলে অজগরটি শক্তি ফিরে পেয়ে বনে ফেরত যাওয়ার উপযুক্ত ছিল। আমরা অবমুক্ত করলে অনায়াসে সে বনের ভেতর ঢুকে গেল।

একটি অটোরিকশায় চেপে প্রায় ৪০ কিলোমিটার দূরের সাতছড়ি অভয়ারণ্যের দিকে। তানিয়ার বর মুনির এখন ওখানকার রেঞ্জার। রাস্তায় পাখি দেখতে দেখতে প্রায় ভরদুপুরে পৌঁছালাম সাতছড়ি। মালসামানের বহর কিছুটা কম করে ঢুকে পড়লাম বনে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেমে থেমে হচ্ছিলই।

অভিনব সাতছড়ির বন। ভরা বর্ষা মৌসুমে বনের কোথাও পানির ধারা নেই। নেই কোনো বেগবান বা জীবিত ছড়া, যা সাধারণত মিশ্র চিরসবুজ বনের প্রাণ। পাশ দিয়ে যে নদী, সেটি কট কটে শুকনো বা বোন ড্রাই। আমি অবাক হচ্ছিলাম এটা ভেবে যে বনের মিশ্র প্রজাতির বড় বড় গাছ কী করে শুকনো মাটি থেকে পানি শুষে নিয়ে জীবনধারণ করছে! তখন মনে হলো মরুভূমির গাছপালার কথা।

আরব দেশে সোদা বালুবনে যে গাফ নামের গাছ হয়, তার শিকড় ২০ থেকে ৩০ মিটার মানে ১০০ ফুট নিচে পানির যে স্তর আছে, সেখানে থেকে পানি গ্রহণ করে। আর মাটির স্তরের ওপরের ৫ থেকে ১০ সেন্টিমিটারে শিকড়ের যে জালিকা থাকে, তা কুয়াশায় বা শিশির পড়ার কারণে যে যৎকিঞ্চিৎ পানি জমা হয় তা শুষে নেয়। সে দেশের মতো সাতছড়ির গাছপালা বেঁচে আছে বলে আমার মনে হয়। দিনে দুবার মাঠে বের হয়েও না পেলাম তেমন কোনো উভচর, সরীসৃপ বা পাখির প্রজাতি, যা আম প্রজাতির বাইরে। সূর্য ডোবার আগেই ইয়ুথ হোস্টেলে পৌঁছালাম ইফতারের মানসে। ওখানে পৌঁছে দেখলাম মুনির বিশাল আয়োজন করেছে। মসজিদের ইমাম থেকে বনের প্রহরী পর্যন্ত সেখানে আমন্ত্রিত। খাবারের ব্যাপক আয়োজন। কেবল তা-ই নয়, মুনির বক্তৃতা দিল এবং ইমাম সাহেব আমার ও বাকি সবার জন্য দোয়া করলেন। দেশে বনের ভেতর এমন অনুষ্ঠানে জীবনে এই প্রথম যোগ দিলাম।

মনে হলো দোয়ার বরকত হয়েছিল। রাতে শুকনো নদী ধরে বনের ভেতরে ঢুকে গেলে বেশ কিছু ব্যাঙের সঙ্গে সঙ্গে সাপ ও আঁচিলের দর্শন পেলাম, যা দিনের বেলা দেখার জন্য ব্যাকুল ছিলাম। মিশন কৃতকার্য ভেবে রাতদুপুরে সিএনজি চেপে যখন লাওয়াছড়ায় পৌঁছালাম তখন সেহিরর সময় হয়ে গিয়েছিল।

বনে ঘুরলাম রাতের ঢাকাগামী কোচ ধরা ও ইফতারের আগ পর্যন্ত। আর খোঁজ নিয়ে জানলাম আমাদের ছেড়ে দেওয়া সাপটি অবমুক্তস্থল থেকে বেশি দূর যায়নি। ট্রান্সমিটার পরা অজগরটিও নাকি ধীর-মন্থরগতিতে বনে ঘুরে বেড়াচ্ছে। দেশের ছেলেমেয়েদের এ প্রথম উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কারণ, এর আগে বাঘের গায়ে ট্রান্সমিটার পরায় বিদেশিরা। এ কাজে দেশে যাদের সামর্থ্য আছে, তারা এগিয়ে এলে গবেষণার এ নতুন ধারা নতুন গতি পাবে, তাতে কোনো সন্দেহ নেই।

রেজা খান: প্রকৃতি ও প্রাণী বিশেষজ্ঞ