লাউয়াছড়ার গাছ রক্ষায় গণস্বাক্ষর অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন চলাচল নির্বিঘ্ন করার নামে রেলওয়ে কর্তৃক লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ সহস্রাধিক গাছ কাটার পরিকল্পনার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে। গাছ রক্ষার জন্য গণস্বাক্ষর সংগ্রহের সপ্তাহব্যাপী এই অভিযান শুরু করেছে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন।
গত শুক্রবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক মেলা। উদ্বোধনের পর থেকে লাউয়াছড়া ও শ্রীমঙ্গল সরকারি কলেজে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের আহ্বায়ক জলি পাল গতকাল মঙ্গলবার বলেন, ‘সপ্তাহব্যাপী এ অভিযান শেষে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।’