লাউয়াছড়ায় খাসিয়াদের জীবনযাত্রা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের নিয়ন্ত্রণহীন চলাফেরায় অতিষ্ঠ আদিবাসী খাসিয়াপল্লির বাসিন্দারা। পল্লির প্রবেশপথে একটি ফটক নির্মাণ ও পর্যটকদের জন্য নির্দেশিকা বোর্ড স্থাপনের দাবিতে দুই বছর আগে লিখিত আবেদন জানিয়েছিল স্থানীয় খাসিয়ারা। কিন্তু সংশ্লিষ্ট জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি এ বিষয়ে সাড়া দেয়নি। সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ও লাউয়াছড়া আদিবাসী পল্লি ঘুরে খাসিয়া জনগোষ্ঠী ও বন বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।লাউয়াছড়া খাসিয়াপল্লির সাজু খাসিয়া জানান, তাঁরা আগে বেশ নিরাপদে বসবাস করতেন। সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেশি-বিদেশি পর্যটক বিশেষ করে শিক্ষা সফরে দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের আগমন বেড়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান উন্নয়ন, রক্ষা ও পর্যটকসেবার জন্য একটি সহব্যবস্থাপনা কমিটি থাকলেও এখন পর্যন্ত এই উদ্যানে পর্যটকদের চলাচলে তাঁদের কোনো নিয়ন্ত্রণ নেই। পর্যটকদের অবাধ চলাফেরার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে লাউয়াছড়া খাসিয়াপল্লির ‘মন্ত্রী’ (গোত্রপ্রধান) ফিলা পত্নী প্রথম আলোকে বলেন, খাসিয়ারা পাহাড়ে নিরিবিলি নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করে বসবাস করছে। সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানে মাত্রাতিরিক্ত পর্যটকের আগমনে খাসিয়া সম্প্রদায় অতিষ্ঠ। পর্যটকেরা ইচ্ছেমতো পান ছিঁড়ে নেয়। খাসিয়া মেয়েরা পাহাড়ি ছড়ার ধারে ও কূপে গোসল করতে গেলে পর্যটকেরা তাদের ছবি তুলে নিচ্ছে। ২২ এপ্রিল ঢাকা অঞ্চল থেকে আসা একটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আদিবাসী খাসিয়া সদস্যদের বড় ধরনের বিরোধ সৃষ্টি হয়েছিল।লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব ও লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা (বন্য প্রাণী) এ কে এম আজহারুল ইসলাম ও লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্য প্রাণী) মো. শাহাজাহান আলী বলেন, সহব্যবস্থাপনা কমিটি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে বলে তাঁরা আশাবাদী।