লাউয়াছড়ায় গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
যুক্তি ছাড়া শুধু ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য লাউয়াছড়ায় গাছ কাটা হচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, লাউয়াছড়া উদ্যানের ২৫ হাজার গাছ কাটা হলে পরিবেশের সর্বনাশ হবে। অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় ঘটবে।
লাউছড়ায় রেল কর্তৃপক্ষের ২৫ হাজার গাছ কেটে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে ইউনাইটেড ন্যাশনাল আওয়ামী পার্টি-ঐক্য ন্যাপ আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
পরিবেশ নষ্ট করে এমন উন্নয়ন প্রকল্প গ্রহণ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধনে সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, গাছ কাটার পেছনে কোনো যুক্তি নেই। আছে ব্যক্তিস্বার্থ। উন্নয়ন প্রকল্পের নামে এই বিপুল পরিমাণ গাছ কাটা হলে পরিবেশের সর্বনাশ হবে। অর্থনৈতিক বিপর্যয় হবে। পাশাপাশি সেখানে বসবাসকারী আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘিত হবে।
সমাপনী বক্তব্যে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, বন বিভাগ আর রক্ষক নেই, ভক্ষক হয়ে গেছে। ‘সরকারি লাইসেন্স’ নিয়ে তারা অপকর্ম করে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘শতবর্ষী ২৫ হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। এভাবে গাছ হত্যা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবই।’
মাননবন্ধনে বিবৃতি পড়ে শোনান দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক। এ ছাড়া আরও বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মোনেম নেহরু, অ্যাডভোকেট এস এম এ সবুর, হিল উইমেনস ফেডারেশনের সভাপতি চঞ্চলা চাকমা প্রমুখ।
মাননবন্ধনে টাঙ্গাইলের মধুপুর ও মৌলভীবাজারের নাহারপুঞ্জিতে আদিবাসীদের নিজ ভূমি থেকে উচ্ছেদ বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।