লাউয়াছড়ায় গাছ না কাটার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের দুই পাশের গাছ নির্বিচারে কাটার পরিকল্পনা বাতিল করা হয়েছে। কেবল ঝুঁকিপূর্ণ হলেই গাছ কাটা হবে। গত বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং রেলওয়ে মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাউদ্দিন। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হক, রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মো. আরমান হোসেন প্রমুখ।

বৈঠকে সিদ্ধান্ত হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ গণহারে কাটা যাবে না। রেল বিভাগের চিঠিতে দুর্ঘটনা এড়াতে লাইনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের দুই পাশের ৫০ ফুট করে গাছ কাটার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। বলা হয়, রেললাইনের পাশে কোনো গাছ ঝুঁকিপূর্ণ মনে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা জরিপ করে ওই গাছ অপসারণ করবেন। এ জন্য রেলওয়ে ও বন বিভাগের প্রতিনিধি এবং কমলগঞ্জের ইউএনও কিংবা তাঁর প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনারকে (ভূমি) সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।