লাউয়াছড়ায় গাছ না কাটার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের দুই পাশের গাছ নির্বিচারে কাটার পরিকল্পনা বাতিল করা হয়েছে। কেবল ঝুঁকিপূর্ণ হলেই গাছ কাটা হবে। গত বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং রেলওয়ে মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাউদ্দিন। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হক, রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মো. আরমান হোসেন প্রমুখ।

বৈঠকে সিদ্ধান্ত হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ গণহারে কাটা যাবে না। রেল বিভাগের চিঠিতে দুর্ঘটনা এড়াতে লাইনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের দুই পাশের ৫০ ফুট করে গাছ কাটার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। বলা হয়, রেললাইনের পাশে কোনো গাছ ঝুঁকিপূর্ণ মনে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা জরিপ করে ওই গাছ অপসারণ করবেন। এ জন্য রেলওয়ে ও বন বিভাগের প্রতিনিধি এবং কমলগঞ্জের ইউএনও কিংবা তাঁর প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনারকে (ভূমি) সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।

৯ এপ্রিল রেলওয়ের পক্ষ থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনের দুই পাশের গাছ কাটতে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে চিঠি দেওয়া হয়। চিঠি অনুযায়ী, ছোটবড় ২৫ হাজারের বেশি গাছ কাটা পড়ার আশঙ্কা দেখা দেয়, যা জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি। ১৭ জুন প্রথম আলোতে ‘লাউয়াছড়ায় ২৫ হাজার গাছ কাটতে রেলওয়ের চিঠি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এরপর থেকে পরিবেশবাদী সংগঠন ও পরিবেশকর্মীরা লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষায় স্মারকলিপি পেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, ঝুঁকিপূর্ণ কোনো গাছ অপসারণ না করলেই চলে না—এমন পরিস্থিতিতে কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেবে।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, কিছুদিন আগে রেললাইনে গাছ পড়েছিল। তখন রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী গাছ কাটার জন্য চিঠি দিয়েছিলেন। কিন্তু সংরক্ষিত বনে চাইলেই গাছ কাটা যাবে না। এমনকি লাগানোও যাবে না। রেললাইন চালু থাকবে, গাছও থাকবে।