লাউয়াছড়ায় ছয়টি প্রাণী মুক্ত করে অন্য রকম একুশ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় ছয়টি বন্য প্রাণী মুক্ত করে অন্য রকম একুশ উদ্যাপন করেছে শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গতকাল রোববার একুশের দুপুরে প্রাণীগুলো মুক্ত করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ।মুক্তি পাওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি অজগর, দুটি বনবিড়াল, একটি লজ্জাবতী বানর ও ভারতীয় দুটি বাদামি বানর। শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব জানান, ভারতীয় বাদামি বানর দুটি ছাড়া অন্য প্রাণীগুলো মানুষের রোষানলে পড়ে আহত হয়েছিল। এদের মিনি চিড়িয়াখানায় রেখে চিকিত্সা দিয়ে সুস্থ করে লাউয়াছড়ায় মুক্ত করা হলো।আবদুস শহীদ সাংবাদিকদের বলেন, সিতেশ দেবের উদ্যোগকে স্বাগত জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি অনুকরণীয় হতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রাণীগুলোকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়ার এ ঘটনা একটি অনন্য দৃষ্টান্ত।এ সময় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী প্রমুখ।