লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে মায়া হরিণের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেলের লেভেল ক্রসিং এলাকায় গত শুক্রবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে একটি মায়া হরিণ মারা গেছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মীরা মারা যাওয়া হরিণটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার সকাল নয়টার দিকে এটিকে উদ্যানের ভেতরে মাটিচাপা দেওয়া হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে বসবাসকারী ব্যক্তিরা বলেন, মায়া হরিণটি লাউয়াছড়া বন বিট এলাকায় ঘোরাফেরা করত। শুক্রবার ভোররাতে একটি ট্রেনের নিচে কাটা পড়ে মায়া হরিণটি মারা গেছে। দ্রুতগামী ট্রেনের নিচে পড়ে হরিণটির শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলপথ অতিক্রমকালে এভাবে প্রায়ই লাউয়াছড়ায় বন্য প্রাণী ট্রেনে কাটা পড়ে মারা যায়। জাতীয় উদ্যানের ভেতর থেকে রেলপথ ও সড়কপথ সুবিধাজনক স্থানে সরিয়ে নিতে প্রস্তাব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।