লাউয়াছড়ায় নতুন দুই প্রজাতির সাপের সন্ধান
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে। সাপের এ প্রজাতি দুটি হচ্ছে বেন্ডেট টিংকেট ও ইরিডিসেন্ট। এ প্রজাতির সাপ বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। এ ছাড়া লাউয়াছড়ায় কয়েকটি দুর্লভ প্রজাতির সাপও পাওয়া গেছে।লাউয়াছড়ায় সাপের ওপর গবেষণা করতে গিয়ে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্র শাহরিয়ার সিজার রহমান ওই সাপের সন্ধান পান। গবেষণায় দেখা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া রাস্তায় যানবাহনের নিচে চাপা পড়ে প্রতিদিনই মারা পড়ছে কোনো না কোনো প্রজাতির সাপ। নতুন প্রজাতির সাপ দুটিও মৃত অবস্থায় পাওয়া গেছে।লাউয়াছড়া জাতীয় উদ্যানে কত প্রজাতির ও কী পরিমাণ সাপ আছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে শাহরিয়ার গত ১২ মে থেকে লাউয়াছড়ায় গবেষণার কাজ শুরু করেন। তাঁর সঙ্গে স্থানীয়ভাবে আরও তিনজন সহকর্মী রয়েছেন। এই গবেষণা কাজে তাঁকে আর্থিকভাবে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ওরিয়ন সোসাইটি। পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন কারিনাম নামের একটি সংস্থার ড. এম এ রশিদ।শাহরিয়ার গত বুধবার প্রথম আলোকে বলেন, লাউয়াছড়ায় সব ধরনের জীববৈচিত্র্য নিয়ে জরিপ বা গবেষণা হয়েছে। কিন্তু শুধু সাপ নিয়ে কোনো জরিপ বা গবেষণা হয়নি। তিনি বলেন, প্রথম এক মাস কোনো সাপের দেখাই মেলেনি। পরে বেন্ডেট টিংকেট ও ইরিডিসেন্ট নামের দুটো সাপের দেখা মেলে, যা বাংলাদেশে এর আগে কোথাও দেখা যায়নি। কিছু দুর্লভ প্রজাতির সাপের খোঁজও মিলেছে, যা এর আগে লাউয়াছড়ায় দেখা যায়নি। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৪ প্রজাতির সাপের দেখা মিলেছে। তবে সাপের প্রজাতি আরও বেশি হতে পারে। প্রকৃত প্রজাতি ও পরিমাণ কত তা জানতে অনেক সময়ের দরকার। শাহরিয়ার আরও বলেন, বেন্ডেট টিংকেট ও ইরিডিসেন্ট—এই দুই প্রজাতির সাপ মিয়ানমার, উত্তর ভারত ও আসাম অঞ্চলে দেখা যায়। এ ছাড়া হিমালিয়ান কিল বেক স্নেক, টনি কেট স্নেক, কুকড়ি স্নেকসহ বেশ কিছু প্রজাতির সাপ পাওয়া গেছে, যা এর আগে পার্বত্য চট্টগ্রামসহ অন্য কিছু এলাকায় দেখা গেলেও লাউয়াছড়ায় দেখা যায়নি। এখানে অজগরের তিনটি বাচ্চা দেখা গেছে। তিনি বলেন, সাপের জন্য লাউয়াছড়ার পরিবেশ এখনো বেশ ভালো। সাপের জন্য বড় গাছের দরকার নেই। ঝোঁপঝাড় থাকলেই হয় এবং লাউয়াছড়ায় তা আছে।লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে শ্রীমঙ্গল-ভানুগাছ পাকা সড়কটি চলে গেছে। প্রায় প্রতিদিন এই সড়কে গাড়িচাপায় বিভিন্ন প্রজাতির পাঁচ-ছয়টি সাপ মারা পড়ছে বলে শাহরিয়ার জানান। এতে দেখা গেছে, বছরে দেড় হাজারের বেশি সাপ মারা পড়ছে। বেন্ডেট টিংকেট ও ইরিডিসেন্ট প্রজাতির সাপ দুটিও মৃত অবস্থায় পাওয়া গেছে, যা লাউয়াছড়ায় সাপের অস্তিত্ব টিকে থাকার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। এভাবে হয়তো দুর্লভ বা বিপন্ন প্রজাতির সাপটিও মারা পড়তে পারে।শাহরিয়ার বলেন, সাপের জন্য প্রয়োজন মরা বা পচা গাছ, তা লাউয়াছড়ায় কমে যাচ্ছে। প্রচুর লোকজন লাউয়াছড়ায় ঢুকে মরা গাছ ও গাছের ডালপালা নিয়ে যাচ্ছে। লাকড়ি সংগ্রহ করছে। এতে জঙ্গল থাকছে না। জঙ্গলকে জঙ্গলের মতো রাখা দরকার। এ ছাড়া রাস্তাটিও সাপের জন্য বিপজ্জনক হয়ে ওঠেছে। এখানে যান চলাচল ও যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করা দরকার। সাপ একটি বন্য প্রাণী। অন্যান্য বন্য প্রাণীর মতো সাপ মারাও শাস্তিযোগ্য অপরাধ, এ বিষয়ে আইন করা দরকার।