লাউয়াছড়ায় পরিদর্শনে সিপিবি প্রতিনিধি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন চলাচল নির্বিঘ্ন করার নামে লাউয়াছড়ায় ২৫ সহস্রাধিক গাছ কাটার রেলওয়ের পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি প্রতিনিধিদল এলাকা পরিদর্শন করেছে। গতকাল শুক্রবার দুপুরে কেন্দ্রীয় প্রতিনিধিদলটি গাছ কাটার সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন এবং স্থানীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে।
সিপিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঢাকা-সিলেট রেল লাইনের দুপাশের ২৫ হাজারের বেশি গাছ কাটার পরিকল্পনা নিয়েছে। এর প্রতিবাদে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদের নেতৃত্বে সিপিবির একটি প্রতিনিধিদল গতকাল লাউয়াছড়া এলাকা পরিদর্শন করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সদস্য মাসুক মিয়া, সমীরণ পাল, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক মেলা, লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের আহ্বায়ক জলি পাল, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শ্যামল দেববর্মা, খাসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।