লাউয়াছড়ায় ফের গাছ পাচারের ঘটনায় তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আবারও সেগুনগাছ কেটে পাচারের ঘটনাটি তদন্ত করছে জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি। জানা গেছে, রোববার রাতে অন্ধকারে লাউয়াছড়া বন বিট কার্যালয়ের পাশ থেকে তিনটি বিশালকায় সেগুনগাছ কেটে পাচারের ঘটনায় প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদের নেতৃত্বে একটি তদন্ত দল সরেজমিনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।সমন্বিত রক্ষিত সহ-ব্যবস্থাপনা কমিটির (আইপ্যাক) নাম প্রকাশে অনিচ্ছুক একটি দায়িত্বশীল সূত্র বলেছে, বন বিট কার্যালয়ের পাশ এবং সড়কের ধার থেকে তিনটি মূল্যবান সেগুনগাছ পাচার হলেও বন বিভাগের লোকজন কিছুই জানেন না। বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। সূত্র আরও বলেছে, জাতীয় উদ্যান এলাকা থেকে গাছ পাচারে বন বিভাগের স্থানীয় বিট কার্যালয়ের কিছু অসাধু বনকর্মী জড়িত রয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা অভিযোগ করেন, লাউয়াছড়া থেকে গাছ পাচার বিষয়ে সহ-ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্য জড়িত রয়েছেন। এ কারণে লাউয়াছড়ায় বনদস্যুদের দমন করা যাচ্ছে না। গত ঈদের সময় লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখা যায়, উদ্যানের প্রবেশপথ এলাকা থেকে শুরু করে পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার এলাকার রাস্তার পাশ ধরে উদ্যানের ভেতরে বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫টি সেগুনগাছ কেটে নেয় বনদস্যুরা। এ ঘটনায় সংবাদপত্রে খবর প্রকাশিত হলে গত ২৯ আগস্ট জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি লাউয়াছড়ার কার্যালয়ের সামনে সংবাদ সমেঞ্চলন করে এর প্রতিবাদ জানায়। এর এক মাসের মধ্যে আবারও বিট কার্যালয়ের পাশ থেকে তিনটি সেগুন কেটে পাচার করা হয়। জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বলেন, রাস্তার পাশ থেকে সেগুনগাছ পাচারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে গাছ পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মাহবুবুর রহমান বলেন, লাউয়াছড়া থেকে গাছ পাচারের ঘটনা তিনি শুনেছেন। এ ব্যাপারে বিভাগীয় পর্যায়ের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।