লাউয়াছড়ায় বনকর্মীর তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখানেই ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। ট্রেনটিকে ঘিরে উৎসুক জনতার ভিড়। লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, ৩০ জুন। ছবি: সংগৃহীত
এখানেই ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। ট্রেনটিকে ঘিরে উৎসুক জনতার ভিড়। লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, ৩০ জুন। ছবি: সংগৃহীত

দমকা বাতাস। বড় একটি গাছ ভেঙে পড়ল রেল লাইনের ওপর। ঠিক সে সময়ই ওই পথ দিয়ে আসতে থাকে একটি যাত্রীবাহী ট্রেন। যাত্রীর সংখ্যাও নেহাত কম নয়—কয়েক শ। নির্ঘাত দুর্ঘটনা!

ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেল পৌনে চারটায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। সেখানেই একটি বড় গাছ রেলপথের ওপর ভেঙে পড়ে। এ সময় বনকর্মী মনিরুজ্জামান সেখানে উপস্থিত হন। তিনি ট্রেন আসতে দেখে দুহাত প্রসারিত করে চিৎকার করতে থাকেন। এতে চালক গতিনিয়ন্ত্রণে এনে ট্রেনটি থামাতে সক্ষম হন। ট্রেনটি ছিল চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস।

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জীর বাসিন্দা সাজু মারছিয়াং প্রথম আলোকে বলেন, ওই বনজ গাছটি রেলপথের যেখানে পড়েছিল সেখানে বাঁক ছিল। দুর্ঘটনা ঘটলে এর মাত্রা কয়েক গুণ বেশি হওয়ার আশঙ্কা ছিল। মনিরুজ্জামান চিৎকার করে ট্রেনটি থামান।

বনকর্মী মনিরুজ্জামান বলেন, তিনি গাছ পড়ে থাকতে দেখে দুহাত প্রসারিত করে চিৎকার করে চালকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।

এই ট্রেনটিই থামিয়ে দেন বনকর্মী মনিরুজ্জামান। এখানেই পড়েছিল গাছটি। লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, ৩০ জুন। ছবি: সংগৃহীত
এই ট্রেনটিই থামিয়ে দেন বনকর্মী মনিরুজ্জামান। এখানেই পড়েছিল গাছটি। লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, ৩০ জুন। ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলর রেলওয়ে গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী ইরফান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি দ্রুত ঘটনাস্থলে এসে বনকর্মীদের সহায়তায় গাছটি কেটে সরিয়ে ফেলেন। এতে বিকেল সোয়া ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া-সিলেট রেলপথের শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ কারণে ঢাকাগামী আন্তনগর পারাবত ট্রেনও কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে আটকা পড়েছিল।