লাউয়াছড়ায় বনদস্যুদের তাড়াতে ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনরক্ষী ও বনদস্যুদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় বনরক্ষীরা তিনটি ফাঁকা গুলি ছোড়ে। গত শুক্রবার রাত দুইটার দিকে বনদস্যুরা সেগুনগাছ কেটে পাচারের সময় এ ঘটনা ঘটে। বনদস্যুদের কেটে ফেলা গাছ টিলার পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি লাইনের ওপর পড়লে তার ছিঁড়ে যায়। এতে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার একাংশ ১৪ ঘণ্টা বিদ্যুত্ বিচ্ছিন্ন থাকে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেস্ট হাউস এলাকায় শুক্রবার গভীর রাতে বনদস্যুরা তিনটি বড় আকারের সেগুনগাছ কেটে পাচারের চেষ্টা করে। কিন্তু গাছগুলো টিলার ওপরে থাকায় সেগুলো টিলার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে পড়ে। এতে কয়েকটি বিদ্যুতের খুঁটি উপড়ে যায় ও তার ছিঁড়ে যায়। খবর পেয়ে বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা (বন্য প্রাণী) এ কে এম আজহারুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা বনদস্যুদের ধাওয়া করেন। বনদস্যুরাও তাদের (বনকর্মী) দেশীয় বড় দা ও লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া করে। বনরক্ষীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে বনদস্যুরা পালিয়ে যায়।