লাউয়াছড়ায় রহস্যজনক আগুন, বন বিভাগের অসহায়ত্ব প্রকাশ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত শুক্র ও শনিবার রহস্যজনক আগুনে কয়েক কোটি টাকা মূল্যের গাছ পুড়ে গেছে। পুড়ে যাওয়া টিলা থেকে দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে কয়েক লাখ টাকার সেগুনগাছ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় হঠাত্ করে উদ্যানের বাঘমারা এলাকার আগরবাগানে আগুন লাগে। কয়েক ঘণ্টা পর পার্শ্ববর্তী তেরঘর টিলায় একইভাবে আগুন লেগে পুড়ে যায় পুরো আগরবাগান। পাশাপাশি বাঘমারা লোহাকাঠের বাগানের প্রায় দেড় কোটি টাকা মূল্যের গাছ পুড়ে যায়। গত শনিবার সন্ধ্যায় বাঘমারা ক্যাম্প থেকে বাঘমারা যাওয়ার রাস্তার পাশের সেগুন ও জারুলবাগানের পাশে আগুন লাগে। গত শুক্রবার আগুন লাগার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন বন বিভাগকে বিষয়টি জানালেও আগুন নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে বন বিভাগের কর্মকর্তাদের দাবি, ৩০০ বনদস্যুকে ঠেকাতে তাঁদের রয়েছে হাতে গোনা কয়েকজন কর্মী।গত রোববার ও গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, আগুনে চারটি টিলার আগর, সেগুন, লোহাকাঠসহ মূল্যবান অনেক গাছ পুড়ে গেছে। ঘটনাস্থল দেখে অনেকের ধারণা, দুর্বৃত্তরা গাছ কেটে পরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে চলে গেছে। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী বলেন, সরেজমিনে না এলে বাস্তব দৃশ্য সম্পর্কে ধারণা করা যেত না। এ বিষয়ে তিনি একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে বলে তিনি মন্তব্য করেন।লাউয়াছড়া বন রেঞ্জ (বন্য প্রাণী) কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম বলেন, আগুনের কারণ খুঁজে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, মাত্র দুজন বনকর্মী ও এক কর্মকর্তা দিয়ে প্রায় ৫০০ হেক্টর দুর্গম পাহাড়ি এলাকা পাহারা দেওয়া খুবই দুরূহ। বাঘমারা বন ক্যাম্প কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, প্রায় ৪০০ বনদস্যু রাতে চারদিক থেকে মূল্যবান গাছ কেটে নিচ্ছে। এর বিপরীতে দু-একজন বনকর্মী কীভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। তার ওপর বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রকাশ্যে বনদস্যুরা প্রায়ই হামলা চালায়। সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী) মোল্লা রেজাউল করিম বলেন, প্রায় ব্যবহারের অনুপযোগী দু-একটি বন্দুক নিয়ে হাতে গোনা কয়েকজন বনকর্মী কীভাবে বিশাল বনাঞ্চল পাহারা দিতে পারেন, তা তাঁদের ভাবিয়ে তুলেছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান ও বনাঞ্চল রক্ষায় সামাজিক আন্দোলনের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।