লাউয়াছড়ায় ১৪টি বন্য প্রাণী অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল বুধবার দুপুরে ১৪টি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুশ শহীদ প্রাণীগুলো অবমুক্ত করেন। জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব এ উদ্যোগ নেন।অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিনটি অজগর, দুটি লজ্জাবতী বানর, দুটি গন্ধগোকুল, তিনটি বনবেড়াল, দুটি ভারতীয় বাদামি বানর ও দুটি কচ্ছপ। এসব প্রাণী সাম্প্রতিক সময়ে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে। পরে আহত অবস্থায় এদের ঠাঁই হয় শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানায়। একই সময়ে বন্য প্রাণিকুলের খাবারের জন্য দুই শতাধিক কাঁকড়া, দেড় শতাধিক কেঁচো ও প্রায় ১০ কেজি শামুক একটি পাহাড়ি ছড়ায় (খাল) ছাড়া হয়েছে। পরে চিফ হুইপ বনে ফলদ, বনজ ও ঔষধি তিনটি গাছের চারা রোপণ করেন।মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, অবমুক্ত করা তিনটি অজগরের মধ্যে গত ১৪ জুলাই শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানে একটি, ২৩ আগস্ট ইছবপুরে একটি এবং ৩১ আগস্ট চানবাগ চা-বাগানে একটি অজগর ধরা পড়েছিল। গত ১৩ জুলাই সন্ধ্যায় উপজেলার সিন্দুরখান বাজারে একটি এবং শঙ্করসেনা শিববাড়ি বাজারে আরেকটি লজ্জাবতী বানর ধরা পড়েছিল। গত ১৪ জুলাই শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ থেকে উদ্ধার করা হয়েছিল দুটি বনবেড়াল।