লাকসাম ও চৌদ্দগ্রামে দুই নারীর ট্রেনে কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলার পৃথক স্থান থেকে দুই নারীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে ও দিবাগত রাতে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লাকসাম পৌর শহরের পূর্ব লাকসাম লেভেল ক্রসিং পার হওয়ার সময় এক নারী (৫৪) ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। বিকেলে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীর পরনে ছিল বোরকা এবং লাল-নীল রঙের শাড়ি।এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলস্টেশনের দক্ষিণে হোম সিগন্যালের কাছ থেকে অজ্ঞাতপরিচয় আরও এক নারীর (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীর পরনে ছিল বাদামি রঙের বোরকা ও গোলাপি রঙের শাড়ি।লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ প্রথম আলোকে জানান, পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত ওই দুই নারীর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।