লাকসাম ও মেলান্দহের স্থগিত চার কেন্দ্রের ভোট আজ
কুমিল্লার লাকসাম ও জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের নির্বাচনে স্থগিত চারটি কেন্দ্রে আজ সোমবার পুনরায় ভোট গ্রহণ করা হবে। গত ২৭ ফেব্রুয়ারি ওই দুটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোট কারচুপি, ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই, গুলিবর্ষণ এবং প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনায় মেলান্দহের ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেলান্দহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং লাকসামের হামিরাবাগ ও ভাবকপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। মেলান্দহের ওই কেন্দ্র দুটিতে শুধু ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এবং লাকসামের কেন্দ্র দুটিতে চেয়ারম্যান পদে আবার ভোট গ্রহণ করা হবে।
এদিকে লাকসামের কেন্দ্র দুটিতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুর রহমান। গত শনিবার বিকেলে কুমিল্লা নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। লাকসামের নির্বাচনে আবদুর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭৪০টি ভোটে এগিয়ে রয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুর রহমান বলেন, ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে ৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯টির ফল ঘোষণা করা হয়। এতে তিনি ৭৪০টি ভোটে এগিয়ে রয়েছেন। স্থগিত দুটি ভোটকেন্দ্রে ছয় হাজার ৯১টি ভোট রয়েছে। তিনি অভিযোগ করেন, ওই কেন্দ্র দুটির ভোট কেড়ে নেওয়ার জন্য বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ছয়টি মামলা দেওয়া হয়েছে। তাঁর দুই ভাইয়ের নামে মামলা রয়েছে। তাঁর স্ত্রীকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ইউনুছ ভূঁইয়ার অনুসারীরা মোটরসাইকেল নিয়ে এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্র দুটিতে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আবদুর রহমান বলেন, ওই দুটি ভোটকেন্দ্রে বিএনপির ভোটার বেশি। দ্বারপ্রান্তে এসে জয় ছিনিয়ে নিলে জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ইউনুছ ভূঁইয়া বলেন, ‘নির্বাচনে জিততে পারবে না বলেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম সিদ্দিকী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনুস আলীর চেয়ে এগিয়ে রয়েছেন তিন হাজার ৭৮৫টি ভোটে। স্থগিত হওয়া কেন্দ্র দুটিতে ছয় হাজার ৫০৬টি ভোট রয়েছে।
তাড়াশেও আজ ভোট
সিরাজগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ২৭ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মারধরের ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রটিতে আজ ভোট গ্রহণ করা হবে।