স্টেশনমাস্টারের সংকটে লাকসাম রেলওয়ে জংশনের আওতাধীন লাকসাম-নোয়াখালী-চাঁদপুর ও চট্টগ্রাম-ঢাকা রেলপথে ২৬টি রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে ওই সব পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্টেশনগুলো বন্ধ থাকায় যাত্রীরা টিকিট নিতে এবং কোনো মালামাল বুকিং দিতে পারে না। এতে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।লাকসাম জংশন সূত্রে জানা যায়, বন্ধ হয়ে যাওয়া রেলওয়ে স্টেশনগুলো হচ্ছে লাকসাম-নোয়াখালী পথে দৌলতগঞ্জ, খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, সোনাইমুড়ী, বজরা, মাইজদী ও হরিনারায়ণপুর। চাঁদপুর পথে চিতোষী রোড, শাহরাস্তি রোড, উয়ারুক, বলাখাল, মধু রোড, সাহাতলী। ঢাকা পথে অলীশহর, ময়নামতি, রাজাপুর, মন্দভাগ এবং চট্টগ্রাম পথে হাসানপুর, শর্শদি রেলওয়ে স্টেশন। এ ছাড়া ওই পথে মস্তাননগর, মিরসরাই, বারিয়াঢালা, বাড়বকুণ্ড, ধুমঘাট, কৈবল্যধাম রেলওয়ে স্টেশন।লাকসাম রেলওয়ে জংশনের কেবিন স্টেশনমাস্টার (সিএসএম) মোহাম্মদ আলী জানান, নাথেরপেটুয়া, সোনাইমুড়ী, মাইজদী, চিতোষী রোড, মন্দভাগ ও শর্শদি স্টেশনের কার্যক্রম দিনের বেলায় জোড়াতালি দিয়ে কোনো রকম চললেও রাতে বন্ধ থাকে। অন্য স্টেশনগুলোতে মাস্টার ও বুকিং ক্লার্ক না থাকায় সেগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।স্থানীয় লোকজন জানান, বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো এখন মাদকসেবীদের নিরাপদ আখড়া। লাকসাম রেলওয়ে জংশনের পরিচালক (গার্ড) সালেহ আহমেদ বলেন, অবসরজনিত কারণে প্রতিনিয়ত রেলওয়ের বিভিন্ন বিভাগে অনেক পদ শূন্য হলেও এগুলো পূরণের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পূর্বাঞ্চল রেলওয়ের বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে মোতাবেক আবেদনকারীরা নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ওই সব প্রক্রিয়া কখনো বাতিল আবার কখনো স্থগিত করা হয়।নাম প্রকাশ না করার শর্তে লাকসাম রেলওয়ে জংশনের একাধিক কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে রেলওয়ের মতো লাভজনক প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে।এ ব্যাপারে পূর্বাঞ্চল রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএম) দায়িত্বে থাকা সুকুমার ভৌমিক স্টেশনগুলো বন্ধের সত্যতা স্বীকার করে বলেন, সারা দেশে রেলওয়ের বিভিন্ন পদে লোকবলের সংকট রয়েছে। এতে দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।ভারপ্রাপ্ত ডিআরএম জানান, বন্ধ স্টেশনগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে আপাতত চুক্তিভিত্তিক স্টেশনমাস্টার নিয়োগের প্রক্রিয়া চলছিল। কিন্তু তা-ও সংস্থাপন মন্ত্রণালয়ে আইনি জটিলতার কারণে আটকে গেছে।