লাকসাম পৌর শহরের সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌর শহরের বেশির ভাগ সড়কের পিচের আস্তরণ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে পৌরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, পৌর শহরের বাণিজ্যিক ও আবাসিক এলাকার সড়কগুলো খানাখন্দে ভরা। বিভিন্ন স্থানে পিচের আস্তরণ ও ইটের খোয়া উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, ১৯৮৪ সালে উপজেলার পেরুল ইউনিয়ন (আংশিক), পশ্চিমগাঁও ইউনিয়ন (আংশিক) ও লাকসাম ইউনিয়ন নিয়ে লাকসাম পৌরসভা গঠিত হয়। প্রথমে এটিকে দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হলেও পরে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়।
স্থানীয় লোকজন জানান, পৌরসভার দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন সড়ক, পুরোনো দৈনিক বাজার ও ব্যাংক সড়ক, পৌরসভা সড়ক, খানদানি মার্কেট সড়ক, লাকসাম জংশন সড়ক, দক্ষিণ লাকসাম সাহাপাড়া-বাইপাস সড়ক, পশ্চিমগাঁও সাহাপাড়া-রাজঘাট সড়ক, পুরোনো বাসস্ট্যান্ড সড়ক, লাকসাম হাসপাতাল সড়ক ও কলেজ সড়কের বেশির ভাগ স্থানে পিচের আস্তরণ উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
পৌরসভার দক্ষিণ সাহাপাড়ার বাসিন্দা বিশ্বতম সাহা বলেন, ‘পৌরকর বেড়েছে। কিন্তু নাগরিক সুবিধা মোটেও বাড়েনি। রাস্তাঘাটেরও কোনো উন্নতি হয়নি। বেহাল সড়কে পৌরবাসী নাকাল।’
লাকসাম ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, দৌলতগঞ্জ বাজার পৌর শহরের প্রাণকেন্দ্র। এখানে রয়েছে ছোট-বড় প্রায় তিন হাজার ৭০০ ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু বাজারের প্রধান সড়কসহ অলিগলিগুলো খানাখন্দে ভরা। লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন সুলতানা বলল, বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সড়ক এমনই বেহাল যে সামান্য বৃষ্টি হলেই পানি আর কাদায় থকথকে অবস্থা সৃষ্টি হয়। এতে সাধারণ গতির কোনো গাড়ি চলাচল করলেও পানি ছিটকে জামাকাপড় নষ্ট হয়ে যায়।
লাকসাম পৌরসভার মেয়র মো. মফিজুর রহমান বলেন, পৌরসভার নিজস্ব আয় থেকে রাস্তাঘাটের উন্নয়ন ও মেরামত করা অত্যন্ত কঠিন। তাই চলতি অর্থবছরে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) আওতায় সড়কগুলো সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, পৌরসভার চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সড়ক, পয়োনিষ্কাশনব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এ মুহূর্তে কোনো অর্থ বরাদ্দ না থাকায় উন্নয়নকাজে হাত দেওয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ পাওয়া গেলে আগামী শুকনো মৌসুমেই কাজ শুরু হবে।