লাকসাম পৌর শহরের সড়ক খানাখন্দে ভরা
কুমিল্লার লাকসাম পৌর শহরের বেশির ভাগ সড়কের পিচের আস্তরণ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে পৌরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, পৌর শহরের বাণিজ্যিক ও আবাসিক এলাকার সড়কগুলো খানাখন্দে ভরা। বিভিন্ন স্থানে পিচের আস্তরণ ও ইটের খোয়া উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পৌরসভা কার্যালয় সূত্র জানায়, ১৯৮৪ সালে উপজেলার পেরুল ইউনিয়ন (আংশিক), পশ্চিমগাঁও ইউনিয়ন (আংশিক) ও লাকসাম ইউনিয়ন নিয়ে লাকসাম পৌরসভা গঠিত হয়। প্রথমে এটিকে দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হলেও পরে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। স্থানীয় লোকজন জানান, পৌরসভার দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন সড়ক, পুরোনো দৈনিক বাজার ও ব্যাংক সড়ক, পৌরসভা সড়ক, খানদানি মার্কেট সড়ক, লাকসাম জংশন সড়ক, দক্ষিণ লাকসাম সাহাপাড়া-বাইপাস সড়ক, পশ্চিমগাঁও সাহাপাড়া-রাজঘাট সড়ক, পুরোনো বাসস্ট্যান্ড সড়ক, লাকসাম হাসপাতাল সড়ক ও কলেজ সড়কের বেশির ভাগ স্থানে পিচের আস্তরণ উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।