লাকসাম বিএনপির দুই নেতার সন্ধান মেলেনি চার মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাসেও সন্ধান মেলেনি লাকসাম উপজেলা বিএনপির নিখোঁজ দুই নেতার। লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলাম (হিরু) ও পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির নিখোঁজ হওয়ার চার মাস পূর্তিতে আজ বৃহস্পতিবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন কর্মসূচি দিয়েছে হিরু-হুমায়ুন মুক্তি পরিষদ।
এদিকে নিখোঁজ দুই নেতাকে ফিরিয়ে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তাঁদের স্বজনেরা। সাইফুল ইসলামের ছোট ভাই তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘ চার মাসেও জলজ্যান্ত মানুষটির কোনো খোঁজ মিলছে না। প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের উদ্ধারের ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না।
হুমায়ুন কবিরের স্ত্রী শাহনাজ আক্তার বলেন, ‘ছোট্ট মেয়েটা বারবার জানতে চায়, তার বাবা কোথায় গেছে। আসছে না কেন। কোনো জবাব দিতে পারি না। এখন আল্লাহই আমাদের একমাত্র ভরসা, তাঁর দিকে চেয়ে আছি।’
পরিবারের অভিযোগ, গত বছরের ২৭ নভেম্বর রাতে অ্যাম্বুলেন্সে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর এলাকা থেকে সাবেক সাংসদ সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরকে র‌্যাব পরিচয় সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে যায়। তাঁদের সঙ্গে ছিলেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। জসিমকে ওই রাতেই লাকসাম থানার পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।
অবশ্য জসিম উদ্দিন পরে সাংবাদিকদের জানান, আটকের পর তাঁদের তিনজনকে র‌্যাবের এটি গাড়িতে তুলে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নেওয়া হয়। সেখান থেকে সাইফুল ও হুমায়ুনকে একটি গাড়িতে তুলে নেওয়া হয় এবং জসিমকে আরেকটি গাড়িতে করে লাকসাম থানায় হস্তান্তর করা হয়।
কিন্তু নিখোঁজ দুজনকে আটকের কথা র‌্যাব বরাবরই অস্বীকার করে আসছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। কিন্তু লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, নিখোঁজ দুজনের ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
বিএনপির সাবেক সাংসদ কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম প্রশ্ন তুলে বলেন, র‌্যাবের একটি দল একই গাড়ি থেকে লাকসামের বিএনপির তিন নেতাকে আটক করেন। ওই রাতেই র‌্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর উপসহকারী পরিচালক (ডিএডি) শাহজাহান আলী জসিম উদ্দিনকে লাকসাম থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। কিন্তু অপর ওই দুই নেতাকে আটকের বিষয়টি র‌্যাব স্বীকার করছে না। তাহলে ওই দুজন কোথায়?
নিখোঁজ সাইফুল ইসলামের ছেলে রাফসান বিশ্বাস করেন, র‌্যাবই তাঁর বাবাকে আটক করেছে। তিনি বলেন, ‘চার মাস পার হয়ে গেলেও আমার বাবা কোথায়, কেমন আছে জানি না। বেঁচে আছে, না মরে গেছে, সেটি জানতে পারলেও মনে মনে সান্ত্বনা পেতাম।’
জানতে চাইলে কুমিল্লা র‌্যাব-১১-এর কর্মকর্তা মেজর মাসুদ রানা আগের বক্তব্য পুনরাবৃত্তি করে বলেন, সাইফুল ইসলাম ও হুমায়ুন কবির নামে লাকসামের কাউকে র‌্যাব আটক করেনি।