লাকসাম বিএনপির নিখোঁজ নেতাদের সন্ধান দাবি
লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সাইফুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সন্ধান দাবিতে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লাকসাম পৌর শহরের দক্ষিণ বাইপাস এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক অবরোধ ও পরে সমাবেশ করেন।
আগের দিন বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতা-কর্মী বিএনপির ওই দুই নেতার সন্ধান দাবিতে পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে মিছিল করেন। একই দাবিতে দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা (দক্ষিণ) বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ এম আনোয়ারুল আজিম স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ ছাড়া একই দিন বিকেল চারটায় শহরের স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন স্থানীয় পেশাজীবী নাগরিকেরা।