লাকসামে আ.লীগের মেয়র প্রার্থীকে জরিমানা
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লার লাকসাম পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আবুল খায়েরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শুক্রবার রাত আটটায় লাকসাম জংশন এলাকায় মিছিল নিয়ে শোডাউন করায় তাঁকে ওই অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া লাকসাম বাইপাস ও পেয়ারাপুর এলাকায় নগদ টাকা বিতরণ করার অপরাধে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল আজিজের কর্মী হুমায়ুন কবির কাজলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার রাতে লাকসাম পৌর এলাকায় নির্বাহী হাকিমসহ আমরা আচরণবিধি মেনে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন কি না, তা দেখতে গিয়েছিলাম। লাকসাম জংশন এলাকায় গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের কয়েক শত লোক নিয়ে ওই এলাকায় মিছিল করছেন। মিছিলটি আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। ওই সময়ে মেয়র প্রার্থীকে আটকিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম মো. জহিরুল হক।’