লাকসামে আগুন, শতাধিক দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের ধ্বংসস্তূপ l ছবি: প্রথম আলো
কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের ধ্বংসস্তূপ l ছবি: প্রথম আলো

কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজারে আগুন লেগে ১০৪টি দোকান ও কারখানা পুড়ে গেছে। বাজারের মনোহরপট্টি এলাকায় গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা বলছেন, আগুনে তাঁদের কয়েক শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় গতকাল শনিবার ভোর চারটায় আগুন নিয়ন্ত্রণ আনেন। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, শুক্রবার রাত ১১টার দিকে দৌলতগঞ্জ বাজারের মনোহরপট্টি এলাকার একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ওই এলাকার বেশির ভাগ দোকানই বন্ধ ছিল। মুহূর্তের মধ্যে আগুন বাজারের কাপড়িয়াপট্টি, বিছানাপট্টি, স্বর্ণপট্টি এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুনে কাপড়, সোনা, প্লাস্টিকের সামগ্রী, আতশবাজি ও স্টেশনারি সামগ্রীর দোকান পুড়ে যায়।
দৌলতগঞ্জ বাজার জুয়েলারি মালিক সমিতির সাবেক সভাপতি সুভাষ বণিক বলেন, আগুনে ১৬টি গয়নার দোকান ও ৪০টি গয়নার কারখানা পুড়ে গেছে। আরেক ব্যবসায়ী গোলাম ফারুক বলেন, কাপড়িয়াপট্টিতে ৪৩টি দোকান পুড়ে গেছে। এখানেও গুদামে থাকা কাপড় নষ্ট হয়েছে। এ ছাড়া একটি তেলের কারখানা, খাবারের দুটি হোটেল ও বইয়ের দুটি দোকানও পুড়েছে। এই ব্যবসায়ীরও দাবি, আগুনে শতকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনের খবর পেয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া উপজেলা এবং নোয়াখালীর সোনাইমুড়ি ও চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, আগুন কেন লাগল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোবারক আলী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুন একপর্যায়ে টিনশেড ভবনে ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতি আরও বেশি হয়েছে।
ইউএনও মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দৌলতগঞ্জ দক্ষিণ কুমিল্লার ব্যবসার প্রাণকেন্দ্র। আগুনে ১০৪টির মতো দোকান পুড়ে গেছে।