লাকসামে ইউএনওর কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
কুমিল্লার লাকসামে আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কক্ষে থাকা কম্পিউটার, চেয়ার-টেবিলসহ সব আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। তবে পুলিশের দাবি, জামায়াত-শিবিরের কর্মীরা এই নাশকতার ঘটনা ঘটিয়েছেন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক কর্মকর্তাসহ পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে তিনটার পর কার্যালয়ের পেছনের একটি জানালার কাচ ভেঙে কক্ষের ভেতর পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরী মোফাজ্জল হোসেন জানান, তিনি রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে ওই কার্যালয়ের বারান্দায় টহল শেষে একই ভবনের উত্তর পাশের একটি কক্ষে ঘুমাতে যান। ভোর সাড়ে ছয়টার দিকে ধোঁয়া দেখে চিত্কার করেন এবং অন্যদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। সংবাদ পেয়ে ইউএনও ঘটনাস্থলে আসেন।
লাকসামের ইউএনও মোহাম্মদ শফিউল আলম বলেন, নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে তাঁকে খবর দেন। এরই মধ্যে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হন।
ইউএনও আরও জানান, কার্যালয়ের পেছনের দিকে একটি জানালার কাচ ভাঙা রয়েছে। ওই জানালা দিয়ে পেট্রল ছিটিয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবনের বাইরে জানালার কাছে এক জোড়া জুতা ও দেশলাইয়ের কাঠি পাওয়া গেছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তাঁর ধারণা, এটি দেশব্যাপী জামায়াত-শিবিরের নাশকতারই ধারাবাহিকতা। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, এটি জামায়াত-শিবির কর্মীদের দেশব্যাপী নাশকতার অংশ। তবে বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে তদন্ত করা হচ্ছে।
এদিকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে লাকসাম থানার এএসআই মো. ইকবাল হোসেন ও পুলিশের তিন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করে কুমিল্লা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।