লাকসামে কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের লুৎফুল হাছানের বাড়িতে হামলা করা হয়েছে। গত শনিবার রাত আটটায় পৌরসভার ডুরিয়াবিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ সমর্থিত পানির বোতল প্রতীকের প্রার্থী খলিলুর রহমানের অনুসারীরা ওই হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

লুৎফুল হাছান দাবি করেন, খলিলুর রহমানের লোকজন শনিবার রাতে তাঁর বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর বাড়িতে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপর আক্রমণ করে। এতে আহত হন আমিনুল ইসলাম, মো. রাসেল, অনন্ত ও নাবিল হোসেন। আহতরা বর্তমানে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তবে অভিযোগ অস্বীকার করেন খলিলুর রহমান। তিনি বলেন, ‘আমি বা আমার অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’

লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিষয়টি আমি শুনেছি। দুই প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’