লাকসামে চোরের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলার নোয়াপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে চোরের ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত রজ্জব আলী (১৬) স্থানীয় শাকেরা রজ্জব আলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং নোয়াপাড়া গ্রামের মো. আবুল কালামের ছেলে। এ ঘটনায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. ইউছুফ (২৬) ও সাগরকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে রক্তমাখা তিনটি ছুরি।পুলিশ ও রজ্জবের পারিবারিক সূত্রে জানা যায়, ইউছুফ, সাগর ও মহসীন মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আবুল কালামের বাড়িতে ট্রাক্টর চুরি করতে যায়। চোরেরা প্রথমে বাড়ির কাচারি ঘরে ঢুকে ট্রাক্টরের চাবি খোঁজেন। এ সময় চোরের উপস্থিতি টের পেয়ে ঘরে শুয়ে থাকা রজ্জব ইউছুফকে ঝাপটে ধরে। চোরেরা তখন রজ্জবকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় রজ্জবের চিৎকারে তাঁর বড় ভাই মমতাজ ইউছুফকে ঝাপটে ধরে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পালিয়ে যাওয়ার সময় জনতা পৌর এলাকার গুন্তির রাস্তা থেকে সাগরকে ছুরিসহ আটক করে। রাতেই স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসকেরা রজ্জবকে মৃত ঘোষণা করেন। গ্রেপ্তার হওয়া ইউছুফ গতকাল বুধবার সাংবাদিকসহ উপস্থিত লোকজনের সামনে রজ্জবকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন চোরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল তাঁদের কুমিল্লা বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।