কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন নেছা সরকারি কলেজে গতকাল শনিবার ছাত্রশিবিরের এক নেতাকে লাঞ্ছিত
করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে শিবির কর্মীদের পাল্টা হামলায় ছাত্রলীগের অন্তত ১০ জন কর্মী আহত হন।
এ ঘটনার পর ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুরসহ তাণ্ডব চালিয়েছেন
ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে পৌর শহর শাখার শিবিরের সভাপতি শাহাদাত
হোসেন কলেজ ক্যাম্পাসে গেলে ছাত্রলীগের কর্মীদের রোষানলে পড়েন। তাঁকে এ সময় শারীরিকভাবে লাঞ্ছিত
করা হয়। একপর্যায়ে তিনি কলেজ ক্যাম্পাস ছেড়ে যান। এর কিছুক্ষণ পরই শিবির কর্মীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা
নিয়ে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালালে সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, ফারুক আহমেদ,
তাসকির শাহরিয়ার, ওমর ফারুক, পেয়ার আহমেদ, আনিসুর রহমান, জাবেদ আহমেদ, আবদুল মমিন ও আবদুল
আউয়াল আহত হন। তাঁদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা
হয়েছে। আহত সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে লাকসাম পৌর শহরের
দৌলতগঞ্জ বাজারে এবং কলেজের পাশে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা চালান। তাঁরা ইসলামী ব্যাংকের একটি
এটিএম বুথ, এলজি বাটারফ্লাই শোরুম, জামায়াতের উপজেলা শাখার সাবেক আমির ও উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর মালিকানাধীন লাকসাম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল,
ইউনাইটেড মোটরস, লাকসাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যালয়, প্রত্যাশা মাল্টিপারপাসের
কার্যালয়, উপজেলা পরিষদ সড়কে একটি পিকআপ ভ্যান, নওয়াব ফয়জুন নেছা সরকারি কলেজের পাশের একটি
ছাত্রাবাস ও নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে।
ছাত্রলীগের উপজেলার যুগ্ম সম্পাদক ও কলেজ শাখার নেতা শিহাব খান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শিবির
কলেজে কর্মকাণ্ড চালাতে পারেনি। তাই তারা পরিকল্পিতভাবে ক্যাম্পাসে এসে ছাত্রলীগের ওপর অতর্কিত হামলা
চালিয়েছে। তবে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন তিনি। এদিকে ঘটনার বিষয়ে বক্তব্যের জন্য শিবিরের
কাউকে পাওয়া যায়নি। তবে জামায়াতের উপজেলা শাখার নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ
সরওয়ার উদ্দিন সিদ্দিকী দাবি করেন, ছাত্রলীগ বিনা উসকানিতে শিবিরের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া তাঁদের
ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছে। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নিতে প্রশাসনের কাছে দাবি জানান।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে
কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। লাকসামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ
শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।