ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
কুমিল্লার লাকসামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ফতেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চালকসহ অটোরিকশার চারজন আরোহী ছিলেন। তাঁরা হলেন, অটোরিকশাচালক জসিম উদ্দিন (৩০), আরোহী মোহসেনা আক্তার (৩৫), নাসরিন আক্তার (২৪) ও রোজিনা আক্তার (২০) এবং পথচারী আবুল কালাম (৩৫)। তাঁদের সবার বাড়ি লাকসামে।
আহত একজনের নাম রাজু মিয়া (২৬)। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের বিবরণ অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাটি লাকসামের খিলা থেকে বাইপাস এলাকার দিকে যাচ্ছিল। ফতেহপুর এলাকায় পৌঁছালে কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ এর তিন আরোহী মারা যান। একজন পথচারীসহ আহত অন্য তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।