লাকসামে ট্রাক্টর উল্টে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলায় একটি ট্রাক্টর উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কে উপজেলার খুন্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ট্রাক্টরচালক পৌর এলাকার ভৈষকপালিয়া গ্রামের মৃত আবদুল গনির ছেলে সাইফুল ইসলাম (১৬), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পেরুল গ্রামের রিকশাচালক আবু জাফরের ছেলে আমজাদ হোসেন (১৫) ও নোয়াখালী জেলার কবির হোসেন (২৮)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই সড়কের পাশে নোয়াপাড়া এলাকায় অবস্থিত মেসার্স শাহজাহান ব্রিকসের একটি ট্রাক্টর রোববার বেলা দেড়টার দিকে বেপরোয়া গতিতে ইটভাটার দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক সাইফুল ইসলাম নিহত হন। দুর্ঘটনায় আহত আমজাদ হোসেন ও কবির হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে লাকসাম ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত কবির হোসেন ওই ইটভাটার শ্রমিক এবং আমজাদ হোসেন কুমিল্লার একটি গাড়ি মেরামতের দোকানে কাজ করেন। একটি সূত্র জানায়, ইটভাটার মালিক পক্ষ নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। পরে লাকসাম উপজেলা যুবলীগের নেতা পৌরসভার কাউন্সিলর ও পুলিশের মধ্যস্থতায় স্বজনেরা লাশ নিয়ে যান। জানতে চাইলে মেসার্স শাহজাহান ব্রিকসের ব্যবস্থাপক মো. এরশাদ হোসেন বলেন, ‘ইটভাটার মালিক দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে নিহত ব্যক্তিদের পরিবারকে টাকা-পয়সা দেওয়া হবে।’লাকসাম থানার এসআই টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের লাশ উদ্ধার করেন। অন্য দুজনের লাশের সন্ধান পাওয়া যায়নি। পৌরসভার কাউন্সিলর মো. মোশাররফ হোসেন মজুমদার বলেন, ‘নিহত ট্রাক্টরচালক পৌরসভার বাসিন্দা। তাই তাঁর বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছি।’