লাকসামে দুই কেন্দ্রের ভোট স্থগিত
কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় নতুন করে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে বিএনপি-সমর্থিত দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মো. আবদুর রহমান ৭৪০ ভোটে এগিয়ে আছেন। বৃহস্পতিবার ওই নির্বাচন হয়।
রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ব্যালট বাক্স ছিনতাই, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর ও গোলযোগের কারণে উপজেলার ৬১টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্রের মধ্যে হামিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৪৮ ও ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৪৩ ভোট রয়েছে। দুই কেন্দ্র মিলিয়ে ভোটের সংখ্যা ছয় হাজার ৯১ ভোট।
বিএনপি-সমর্থিত প্রার্থী মো. আবদুর রহমান পেয়েছেন ৫০ হাজার ২০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ইউনুছ ভূঁইয়া পেয়েছেন ৪৯ হাজার ৪৬২ ভোট। এ অবস্থায় ওই দুটি ভোটকেন্দ্রে পুনরায় কেবল চেয়ারম্যান পদে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাঁরা এগিয়ে আছেন, তাঁদের প্রাপ্ত ভোটকেন্দ্র দুটির মোট ভোটের চেয়ে বেশি হওয়ায় নির্বাচনের প্রয়োজন হবে না। তাই কেবল চেয়ারম্যান পদেই নির্বাচন হবে। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত মহব্বত আলী ৫৫ হাজার ৩৩৬ ভোট ও একই দলের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশিদা বেগম ৫৩ হাজার ৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।