লাকসামে দুই চিকিৎসক লাঞ্ছিত!
কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার দুই চিকিৎসককে রোগীর স্বজনেরা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রের দাবি। প্রতিবাদে চিকিৎসকেরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কান্দিরপাড় গ্রামের খন্দকার আবদুল আহাদ (৭৮) নামের এক মুমূর্ষু রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর সন্তানদের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণে আহাদের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তৌহিদুল ইসলামের ভাষ্য, হাসপাতালে নিয়ে আসার আগেই আহাদের মৃত্যু হয়। এর পরও আহাদের স্বজনেরা তাঁকে ভর্তি না করেই ওয়ার্ডে নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি অপর এক রোগীকে চিকিৎসা দিতে পুরুষ ওয়ার্ডে গেলে আহাদের ছেলেরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তাঁকে উদ্ধার করতে এসে চিকিৎসা কর্মকর্তা শহিদুল ইসলামও একইভাবে লাঞ্ছিত হন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল হাসেম আনসারী বলেন, চিকিৎসকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় লাকসাম থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।