লাকসামে নিহত ছাত্রের মাসহ তিন আসামি কারাগারে
কুমিল্লার লাকসাম উপজেলায় স্কুলছাত্র শাহরিয়ার হোসেন (১৩) হত্যা মামলায় ওই ছাত্রের মা নার্গিস সুলতানাসহ তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন নার্গিস সুলতানার আত্মীয় মো. নজরুল ইসলাম ও ওমর খসরু। আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। রোববার তাঁরা কুমিল্লার ওই আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি রাতে লাকসাম পৌর শহরের মিশ্রি গ্রামের নিজ বাড়ি থেকে লাকসাম পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই তার মা নার্গিস সুলতানা লাকসাম থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পরে এ ঘটনায় শাহরিয়ারের চাচা মো. জাকির হোসেন বাদী হয়ে কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতে একটি হত্যা মামলা করেন। মামলায় ওই তিনজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে বিবাদী করা হয়।